শীর্ষবিন্দু নিউজ: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৭ কেজি ওজনের ১৪৬টি সোনার ইটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর আগে গত ৬ জুলাই ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত থেকে আসা একটি বিমান থেকে প্রায় ২৫ কেজি সোনার বার উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মাস্কাট থেকে আসা ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান থেকে মো. শাহনেওয়াজ মোরশেদ নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশ জানায়। শাহনেওয়াজ মোরশেদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরনদীপ গ্রামে।
ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার মো. মঈনউদ্দিন বলেন, শাহনেওয়াজের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রতিটি ১০ তোলার ১৪৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ১৭ কেজি। বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, ইউনাউটেডের নির্ধারিত ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটে আরোহিত ওই প্যাসেঞ্জার মদ্যপ অবস্থায় থাকায় তার ব্যাগে তল্লাশি চালান ফ্লাইটের ক্রুরা। তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে জানান শাহ আমানত বিমানবন্দর কাস্টমস কতৃপক্ষ।
Leave a Reply