শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত প্রায় দেড় হাজার জন সেনাকে আটক করা হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাতোলিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
একজন তুর্কি কর্মকর্তা বলছেন, সেনাবাহিনীর ২৯ জন কর্নেল ও পাঁচজন জেনারেলকে অপসারণ করা হয়েছে। অভ্যুত্থান চেষ্টার সময় সহিংসতায় নিহত হয়েছে ৯০ জন।
শু
ক্রবার গভীর রাতে তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের চেষ্টা চালায়। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আহ্বানে সাড়া দিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) হাজার হাজার সমর্থক রাস্তায় নামে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে আঙ্কারা ও ইস্তাম্বুলে। আকাশে উড়তে থাকে যুদ্ধবিমান। প্রেসিডেন্ট ভবনের কাছে বিমান হামলা ও পার্লামেন্টের কাছে বিস্ফোরণ হয়। তবে ইস্তাম্বুলে বিমানবন্দরে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন এরদোয়ান। এর মধ্যেই দেশটিতে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে উমিত দুনদারকে নিয়োগ দেয়া হয়েছে।
দেশটির এনটিভি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বেশ কিছু সেনা ইস্তাম্বুলের বসফোরাস সেতুতে আত্মসমর্পণ করছে। এএফপি
নিজ দলের সমর্থকদের রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যেকোনো সময় আবার এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এএফপির খবরে জানানো হয়, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এরদোয়ান বলেন, ‘সেনা অভ্যুত্থানের চেষ্টা যে অবস্থাতেই থাকুক না কেন, আমাদের সারা রাত রাস্তায় থাকতে হবে। কারণ, যেকোনো মুহূর্তে আবার নতুন করে এ ধরনের ঘটতে পারে।’
তুরস্কের ভারপ্রাপ্ত সেনাপ্রধান উমিত দুনদার বলেছেন, অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে।