শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানির বাভারিয়া প্রদেশের উজবার্গ শহরের কাছে একটি ট্রেনে ভয়াবহ হামলা চালায় এক দুর্বৃত্ত। সতের বছরের বয়সের ওই দুর্বৃত্ত একজন আফগান শরণার্থী বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় উজবার্গ ও ওশেনফুর্ট শহরের মধ্যে চলাচলকারী ট্রেনে অতর্কিতে যাত্রীদের কুঠার দিয়ে কোপাতে থাকে ওই ব্যক্তি। এতে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। ঘটনার পর ওয়েজারবুর্গ শহরের হাইডেনজেগফিল্ড রেললাইনে হেলিকপ্টারে করে অভিযান চালিয়ে ওই দুর্বৃত্তকে গুলি করে হত্যা করে পুলিশ।
সোমবার সন্ধ্যায় এই ১৭ বছরের বালকই ট্রেনে উঠে যাত্রীদের এলোপাথাড়ি কুপিয়ে ২১ জনকে আহত করে। কোপানোর সময় ওই বালক আল্লাহু আকবর, আল্লাহ মহান বলে চিৎকার করছিল বলে জানিয়েছেন জার্মানির বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান।
স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম জানান, পুলিশের গুলিতে নিহত হবার আগে ১৭ বছরের ওই বালক একটি কুঠার এবং ছুরি নিয়ে ২১ জনকে কুপিয়ে আহত করে।
তিনি আরও জানান, আফগান বংশোদ্ভুত ওই বালকটির পরিবার ২০০৪ সালে শরণার্থী হিসেবে জার্মানি এসেছিল। তবে তিনি বালকটির নাম কিংবা পরিচয় প্রকাশ করেননি।
বিবিসি জানায়, এ হামলার পর উজবার্গ-হাইডেনজেগফিল্ড এবং ওখজেনফ্রুটের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া জার্মানির সংবাদ সংস্থার বিবৃতি দিয়ে দ্য ইনডিপেনডেন্ট জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ হামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।