খালেদ আহমদ: প্রচন্ড গরম আর তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। গতকাল মঙ্গলবার সিলেটে অসহ্য গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। মঙ্গলবার সকাল থেকেই সিলেটের আকাশ ছিল মেঘহীন। বেলা গড়ানোর সাথে সাথে রোদের তেজ বাড়তে থাকে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সিলেটে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে। যে কারণে ছেলে বুড়োসহ সব বয়সের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে ছাত্রছাত্রী এবং রোগীদের মারাত্মক কষ্ট পেতে হয়।
গরমের কারণে ক্লান্ত ছিলেন রিকশা চালকেরা। ফলে রিকশা পেতে দুর্ভোগে পড়তে হয় মানুষকে। বিভিন্ন পয়েন্টে অসংখ্য মানুষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সিএনজি অটোরিক্সাও তেমন ছিল না নগরীতে। কারন হিসেবে অটোরিক্সা চালকরা জানিয়েছেন সপ্তাহব্যাপী যানবাহনের কাগজপত্র চেকআপের ঘোষণা দিয়েছে ট্রাফিক পুলিশ। যে কারণে মামলার ভয়ে অনেক চালক গাড়ি নিয়ে বের হননি। সিএনজি অটোরিক্সা এবং রিক্সার সংখ্যা কম থাকায় অসহ্য দুর্ভোগে পড়তে হয়েছে মানুষকে।
গতকাল দিনভর প্রচন্ড গরম থাকা সত্বেও নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছেন ভুক্তভোগী মানুষ। নগরীর চৌকিদেখী, খাসদবির, জালালাবাদ, পীরমহল্লা, সুবিদবাজার, মদিনা মার্কেট, উপশহর, শিবগঞ্জ, টিলাগড়সহ অনেক এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় কষ্ট পেতে হয়েছে এসব এলাকার জনসাধারণকে। অনেক এলাকায় পানির সমস্যাও ছিল বলে জানা গেছে। বিদ্যুৎ না থাকায় পানির সমস্যা দেখা দেয়। ফলে প্রচন্ড এই গরমে মরার উপর খাড়ার ঘাঁ এই অবস্থা ছিল নগরবাসীর।
নগরীর চৌকিদেখী এলাকার শামীম আহমদ জানান, সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত এ এলাকায় বিদ্যুৎ ছিল না। ফলে প্রচন্ড গরমের কারণে হাঁসফাঁস অবস্থা ছিল। সুবিদবাজার এলাকার এনাম আহমদ জানান, বিদ্যুৎ ছিল না দীর্ঘক্ষণ। ফলে পানির সমস্যাও দেখা দেয় সুবিদবাজার এলাকার।