শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে বন্দুকযুদ্ধে নিহত শোলাকিয়ায় হামলার ঘটনায় আটক জঙ্গি শফিউলের লাশ তার মায়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে শফিউলের মা নার্গিস সুলতানা শিউলি লাশ গ্রহণ করেন। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, কোন মা চায় না তার সন্তান জঙ্গি হোক, তার সন্তান কাউকে হত্যা করুক, মায়ের বুক খালি হোক।
তিনি আরো বলেন, ও তো ছোট মানুষ। ওর কি তেমন বুদ্ধি আছে?
ছোট বাচ্চাদের যা শেখানো যায় তাই শেখে। পরিবারের পক্ষ থেকে যা শেখানো যায় তাই শেখে, যখন স্কুলে যায় শিক্ষকরা যা শেখায়, তাই শেখে আর যদি খারাপ সঙ্গ পায়, তখন খারাপ কিছু শেখে।’ তিনি ক্ষোভের সঙ্গে বলেন, আমার ছেলেকে যারা জঙ্গি বানিছে তাদের বিচার চাই।