রাজনীতি ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান বিএনপির রাজনীতিতে আসলে ভাল হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের অনির্ধারিত আলোচনায় আকস্মিক বিএনপি’র স্থায়ী কমিটি গঠন নিয়ে প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা যায়, মন্ত্রিসভার নির্ধারিত এজেন্ডা শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিষয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলোচনার সূত্রপাত করেন।
তখন মন্ত্রিসভার ওপর এক সদস্য মন্তব্য করেন যে, বিএনপির স্থায়ী কমিটিতে যে দুটি পদ খালি রাখা হয়েছে সেখানে খালেদা জিয়ার দুই পুত্রবধূকে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি শুনেছেন।
এসময় অন্য মন্ত্রীরা মন্তব্য করতে থাকলে বিষয়টাকে ইতিবাচকভাবে দেখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”জুবায়দা রাজনীতিতে আসলে তো ভাল। অন্তত একজন শিক্ষিত মানুষ বিএনপির রাজনীতিতে আসবে। ওর পরিবারের ঐতিহ্যও ভাল। শিক্ষিত মানুষ রাজনীতিতে এলে রাজনীতির জন্য ভাল হবে।”
তখন খন্দকার মোশাররফ হোসেন সম্মতি জানিয়ে বলেন, হ্যাঁ ও (জুবায়দা) আমার চাচার শালীর মেয়ে। সে হিসেবে আমার খালাত বোন।
এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে ২১ আগস্ট বোমা হামলার আসামিসহ কমিটির আকার নিয়েও মন্ত্রিসভার কোনো কোনো সদস্য টিপ্পনি কেটেছেন বলে সূত্র জানিয়েছে।
মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযানের বিষয়ে গণপূর্তমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্র জানান, প্রধানমন্ত্রী বলেছেন- বড় সড়কের পাশে বাণিজ্যিক সুবিধা থাকতে পারে। কিন্তু, কোনো আবাসিক এলাকায় যেন হোটেল রেস্টুরেন্ট না থাকে।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির কমিটিতে ১৯ সদস্যের মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি আছে আর দুটি শূন্য পদ। বিএনপির একটি সূত্রে জানা যায়, ভবিষ্যৎ রাজনীতির কথা চিন্তা করে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকেই স্থায়ী কমিটিতে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারপারসন। কৌশলগত কারণে নামটি ঘোষণা করা হয়নি।