শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১

ধ্বংসের পথে মিসর

মিসরে তাদেরকে বলা হয় শাহবাব আল-আহবি। বাংলায় যাকে বলে কফি শপের মানুষ। আলজেরিয়ায় এদেরকে বলা হয় হিত্তিসতেস, অর্থাৎ যারা দেয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকে। আর মরক্কোতে বলা হয় ’দিপলোমেস চোমেয়ার্স’, অর্থাৎ ‘কর্মহীন শিক্ষিত বেকারের দল’। আরব জাহানজুড়ে এমন শিক্ষিত বেকার তরুণ ও যুবকের সংখ্যা ক্রমেই স্ফীত হয়ে উঠছে।

বিশ্বের বেশির ভাগ দেশে অর্থনৈতিক সমৃদ্ধির পথে নেতৃত্ব দেয় এমন যুবগোষ্ঠী; কিন্তু আরব স্বৈরশাসকেরা এসব তরুণকে মনে করে হুমকি, এর কারণও আছে। এসব তরুণ তাদের পূর্বসূরির চেয়ে বেশি শিক্ষিত, বিশ্বের সাথে অনেক বেশি সংযুক্ত, রাজনৈতিক ও ধর্মীয় বিধি-বন্ধনের প্রতি অনেক বেশি সন্দিহান। ২০১১ সালে এসব তরুণই নেতৃত্ব দিয়েছিল আরব বসন্তের। তাদের হাতে ক্ষমতাচ্যুত হয়েছিল তিউনিসিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনের স্বৈরশাসকেরা। তারা আরো অনেক দেশের বাদশাহ ও প্রেসিডেন্টের মনে আতঙ্কের জন্ম দেয়।

কেবল তিউনিসিয়া ছাড়া আরব বসন্তের ছোঁয়া লাগা প্রতিটি দেশই হয়তো গৃহযুদ্ধের কবলে নিপতিত হয়েছে অথবা ফিরে গেছে গণবিপ্লব পূর্ববর্তী অবস্থায়। সেই সাথে কোটি কোটি আরব তরুণ হয়েছে ভাগ্যবিড়ম্বনার শিকার। আজ তাদের জন্য সামান্য একটি কাজ খুঁজে পাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। দারিদ্র্য মেনে নেয়া, দেশান্তরি হওয়া অথবা জিহাদে যোগ দেয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।

এই পরিস্থিতি পরবর্তী বিস্ফোরণের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে। জনসংখ্যার চাপ, রাজনৈতিক নির্যাতন ও অর্থনৈতিক অক্ষমতা- এই তিন বিষাক্ত পরিস্থিতির মিশ্রণ স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসির শাসনাধীন মিসরের পরিস্থিতি ভয়াবহ রকম উদ্বেগজনক অবস্থায় নিয়ে গেছে।

আরব বিশ্বের জনগণ এখন চরম হতাশায় নিমজ্জিত ও চরম আতঙ্কের শিকার। তাদের আরো ভয় যে, পরবর্তী প্রজন্ম বর্তমানের চেয়ে আরো বেশি করুণ অবস্থার শিকার হবে। আরব বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার অস্বাভাবিক। যদিও ২০১০ সালে মোট জনসংখ্যার ২০ শতাংশ ছিল ১৫-২৪ বছর বয়সী, এই সংখ্যা ক্রমেই বাড়ছে। ২০১০ সালে এদের সংখ্যা যেখানে ছিল চার কোটি ৬০ লাখ, ২০২৫ সালে তা পাঁচ কোটি ৮০ লাখ ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

সবচেয়ে বড় আরব রাষ্ট্র মিসরকে এই অঞ্চলের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হয়। এই দেশটির সফলতাকে ধরা হয় মধ্যপ্রাচ্যের উজ্জ্বল ভবিষ্যতের দিকনির্দেশক হিসেবে। দেশটি যদি ব্যর্থ হয়, গোটা অঞ্চলের ভাগ্য হবে তমসাচ্ছন্ন। ২০১৩ সালে ক্ষমতা দখল করা সিসি নিজেকে হোসনি মোবারকের চেয়েও চরম নিপীড়ক হিসেবে প্রমাণ করেছেন। নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে গদি দখল করেন সিসি; কিন্তু যোগ্যতার দিক দিয়ে কোনোভাবেই মুরসির চেয়ে ভালো নন সিসি।

সিসির ক্ষমতা টিকে আছে উপসাগরীয় দেশগুলো থেকে পাওয়া দান-অনুদানের টাকায় (আর কিছুটা আমেরিকার সামরিক সাহায্যে)। বিলিয়ন বিলিয়ন পেট্রোডলারের জোগান সত্ত্বেও মিসরের বর্তমান বাজেট ঘাটতি ১২ শতাংশ এবং চলতি হিসাবের ঘাটতি জিডিপির ৭ শতাংশের মতো। অবস্থা এমনই শোচনীয়, আইএমএফের কাছে ১২ বিলিয়ন ডলার বেইল-আউট সহায়তা চেয়েছেন সিসি। দেশটিতে ৪০ শতাংশ যুবক এখন বেকার। সরকার ইতোমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই শুরু করেছে। অর্থনীতি হয়ে পড়েছে স্থবির। প্রতি বছর শ্রমবাজারে যে নতুন শ্রমশক্তি যোগ হচ্ছে তা আত্মস্থ করার মতো অবস্থায় নেই বেসরকারি খাত। সবচেয়ে বিস্ময়কর হলো- মিসরের সামাজিক ব্যবস্থা এমনভাবে ভেঙে পড়ছে যে, দেশটির প্রায় অশিক্ষিত একজন তরুণের চেয়ে বিশ্ববিদ্যালয় পাস করা একজন তরুণের বেকার থাকার সম্ভাবনা অনেক বেশি।

মিসরের অর্থনৈতিক করুণ পরিস্থিতির কিছুটা অবশ্য সৃষ্টি হয়েছে এমন কিছু কারণে যেগুলোর নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। তেলের নিম্নমূল্য গোটা আরব জাহানের অর্থনীতিকে আঘাত করেছে। যুদ্ধ এবং সন্ত্রাসবাদ পর্যটকদের মধ্যপ্রাচ্য থেকে দূরে রাখছে। অতীতের ভুলের খেসারতও দিতে হচ্ছে ভালোভাবে- এগুলোর মধ্যে আছে আরব সোস্যালিজমের উত্তরাধিকার ও সেনাবাহিনীর ব্যাপক ব্যবসায়িক স্বার্থ।

কিন্তু সিসি পরিস্থিতিকে আরো অবনতির দিকে নিয়ে যাচ্ছেন। তিনি মুদ্রাস্ফীতি ও ’রুটির জন্য লড়াই’ ঠেকাতে মিসরীয় পাউন্ডের দরপতন প্রতিরোধে মরিয়া। ভাবছেন, তিনি মুদ্রার দরপতন ঠেকিয়ে খাদ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবেন। অথচ খাদ্যের বেশির ভাগ আমদানি করতে হয়; কিন্তু পুঁজি নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি মার্কিন ডলারের কালোবাজারের বিস্তার ঠেকাতে পারেননি। ফলে আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও মেশিনারির ঘাটতি দেখা দিয়েছে। এগুলো মুদ্রাস্ফীতি বৃদ্ধিতে সহায়তা করছে (১৪ শতাংশ এবং ঊর্ধ্বমুখী)। এতে শিল্পোৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভীতি ছড়িয়ে পড়ছে বিনিয়োগকারীদের মধ্যে।

বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ বাণিজ্য পথগুলোর একটি সুয়েজ খালের দুই পাশে বিস্তীর্ণ মিসর বৈশ্বিক বাণিজ্য থেকে বিপুল সুবিধা আদায় করে নিতে পারত; কিন্তু বিশ্বব্যাংকের ব্যবসায়িক সুবিধাজনক দেশের তালিকায় নিচের দিকে দেশটির অবস্থান। জনগণের মেধার পরিস্ফুরণ ঘটাতে লাল ফিতার বাঁধন আলগা করার পরিবর্তে সিসি করদাতাদের টাকা উড়াচ্ছেন আড়ম্বরপূর্ণ বিভিন্ন প্রকল্পের পেছনে। তিনি সুয়েজ খাল আরো চওড়া করছেন, অথচ এর রাজস্ব আয় ক্রমেই কমছে। তার ‘দুবাইয়ের মতো’ নতুন নগর গড়ে তোলার স্বপ্ন বালিতে চাপা পড়ে গেছে। সিসি সৌদি আরবের সাথে সংযোগকারী একটি ব্রিজ নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন; কিন্তু যখন এর বিনিময়ে এত দিন মিসরের নিয়ন্ত্রণে থাকা দু’টি দ্বীপ সৌদি আরবের নিয়ন্ত্রণে ছেড়ে দেয়ার কথা বললেন তখন সিসির প্রস্তাবের তীব্র বিরোধিতা শুরু হলো সর্বমহলে। এমনকি এত দিন যেসব আরব ব্যাংক সিসিকে ধার দিয়ে টিকিয়ে রেখেছিল, তারাও এখন ধৈর্য হারিয়ে ফেলছে। আরব আমিরাত থেকে যেসব উপদেষ্টা এসেছিলেন সিসিকে পরামর্শ দিতে, তারা দেশে ফিরে গেছেন।

মিসরের কৌশলগত গুরুত্বের কারণে বিশ্বের সামনে সিসির সাথে লেনদেন করা ছাড়া হয়তো তেমন কোনো উপায়ও নেই; কিন্তু পশ্চিমা শক্তিগুলোকে তার সাথে আচরণ করতে হবে বুদ্ধিমত্তা, প্ররোচনা ও চাপÑ এই তিন কৌশলের মিশ্রণে। মিসরে ব্যয়বহুল অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। দেশটির এসব যেমন প্রয়োজন নেই, তেমনি ব্যয় বহনের সামর্থ্যও নেই। আর যেকোনো অর্থনৈতিক সহায়তা দেয়ার আগে তার সাথে কঠোর শর্ত জুড়ে দিতে হবেÑ মুদ্রামান ভাসমান করতে হবে; সরকারি প্রশাসনের আকার কমিয়ে আনতে হবে; ব্যয়বহুল এবং দুর্নীতিপূর্ণ ভর্তুকি-স্কিমগুলো বন্ধ করে দিতে হবে। দরিদ্র জনগোষ্ঠীকে অর্থ সহায়তা দিতে হবে।

এসব করতে হবে পর্যায়ক্রমে। মিসরের অবস্থা খুবই ভঙ্গুর, আর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ফুটছে বাষ্পের মতো। মিসরের আমলাতন্ত্রকে যেকোনো প্রকার আমূল পরিবর্তনের জন্য সংগ্রাম করতে হবে। সংস্কারের ব্যাপারে একটি সুস্পষ্ট দিকনির্দেশনাই কেবল দেশটির অর্থনীতির প্রতি আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। উপসাগরীয় দেশগুলোকেও এ ব্যাপারে মিসরের ওপর চাপ দিতে হবে। সিসি যদি সংস্কারে গড়িমসি করেন, তখন প্রয়োজনে তাকে দেয়া আর্থিক সহায়তা বন্ধও করা যেতে পারে।

কিছুটা সময়ের জন্য হয়তো সিসিকে ক্ষমতাচ্যুত করার জন্য আরো গণ-অভ্যুত্থান বা আরেকটি সামরিক অভ্যুত্থানের আলোচনা কমে এসেছে। ২০১১ সালের বিস্ময়কর দিনগুলোর কথা স্মরণ করে গোপন পুলিশ এখন বিরোধীদের খুঁজে বের করে নির্মূল করতে অনেক বেশি পরিশ্রম করছে; কিন্তু দেশটিতে জনসংখ্যা, অর্থনৈতিক ও সামাজিক চাপ ক্রমাগত বেড়েই চলেছে। সিসি এখানে কোনো টেকসই স্থিতিশীলতা দিতে পারবেন না। মিসরের রাজনৈতিক ব্যবস্থা উন্মুক্ত করে দিতে হবে। সিসির জন্য ভালো হবে, যদি ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দেন তিনি।

– ইকোনমিস্ট থেকে অনুবাদ মাসুম বিল্লাহ 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026