রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮

ব্যর্থতার দায়ে করবিনকে নয় ওয়েন স্মিথকে সমর্থন দিলেন লন্ডন মেয়র সাদিক খান

ব্যর্থতার দায়ে করবিনকে নয় ওয়েন স্মিথকে সমর্থন দিলেন লন্ডন মেয়র সাদিক খান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনে লেবার দলীয় প্রধান নির্বাচনে দলনেতা জেরেমি করবিনকে সমর্থন দিলেন না লন্ডনের মেয়র সাদিক খান। তিনি সমর্থন দিলেন দলের অন্য প্রার্থী ওয়েন স্মিথকে।

এ খবর দিয়ে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, লেবার দল থেকে লন্ডনে নির্বাচিত মেয়র সাদিক খানের কাছ থেকে বড় ধরনের আক্রমণের শিকার হয়েছেন দলনেতা জেরেমি করবিন। মে মাসে লন্ডনে অনুষ্ঠিত মেয়র নির্বাচন হয়। সেই নির্বাচনে জেরেমি করবিন লেবার দলের নেতৃত্ব দেন। দল তার অধীনেই ওই নির্বাচনে বড় ধরনের বিজয় পায়। ব্যাপক জনসমর্থনে নির্বাচিত হন প্রথম মুসলিম মেয়র সাদিক খান।

কিন্তু তার পর থেকে জেরেমি করবিন ও সাদিক খানের মধ্যে সম্পর্ক ঘোলাটে হয়ে ওঠে। সেই ঘোলাটে সম্পর্কের কারণে হয়তো সাদিক খান এবার দলীয় প্রধানের পদে পরিবর্তন চান। তাই তিনি প্রকাশ্যে জেরেমি করবিনকে প্রত্যাখ্যান করে সমর্থন দিলেন ওয়েন স্মিথকে।

এ নিয়ে লন্ডনের দ্য অবজার্ভার পত্রিকায় সাদেক খান লিখেছেন, এরই মধ্যে জেরেমি প্রমাণ করে দিয়েছেন যে, তিনি একটি কার্যকর দল সংগঠনের সক্ষমতা রাখেন না। তিনি বৃটিশদের আস্থা ও সম্মান অর্জনে ব্যর্থ হয়েছেন। যেকোন বিরোধী দলীয় নেতার মধ্যে সবচেয়ে নিম্নে জেরেমির ব্যক্তিগত রেটিং। এর ফলে মারাত্মকভাবে ভুগছে লেবার পার্টি।

তিনি (জেরেমি) পার্লামেন্টে লেবার দলের শতকরা ৮০ ভাগেরও বেশি এমপির আস্থা হারিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে এ নিয়ে উদ্বিগ্ন যে, এ অবস্থা আমরা চলতে দিতে পারি না।

উল্লেখ্য, ব্রেক্সিট গণভোটের পর জেরেমি করবিনকে দল থেকে সরিয়ে দেয়ার একটি উদ্যোগ নেয়া হয়েছিল। থখন তার নিজের ছায়া মন্ত্রীপরিষদ ও এমপিদের অনেকে তাকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। তারপর এবার সাদিক খান যে মন্তব্য করেছেন তাতে জেরেমি করবিন ও সাদিক খান বা দলের অনেকের সঙ্গে ঐক্যে অনেকটাই ফাটল ধরবে বলে বিশ্লেষকরা মনে করেন।

বৃটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটে সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে ভোটের আগে ছিলেন না সাদিক খান। তিনি চেয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই থাকুক বৃটেন। ওই গণভোটে জেরেমি করবিনও একই ধারণা পোষণ করেছিলেন। তিনিও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ছিলেন। কিন্তু গণভোটের প্রচারণার সময় জেরেমি করবিনের পারফরমেন্স নিয়ে ব্যাপক সমালোচনা করেন সাদিক খান। এ নিয়ে সাদিক খান পত্রিকায় লিখেছেন, ‘ওই প্রচারণার পুরো সময় ও তারপর আমাদের নেতৃত্বের যে ভীষণ প্রয়োজনীয়তা ছিল তা দেখাতে ব্যর্থ হয়েছেন জেরেমি করবিন।

তিনি যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ছিলেন তার এ অবস্থান একেবারে পরিষ্কার ছিল না। তাই ভোটাররাও তাকে আস্থায় নিতে পারেন নি। নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে লেবার দলের এক তৃতীয়াংশ ভোটার বললেন, এ নির্বাচনে দলীয় অবস্থান কি তা তারা জানেন না। তাই গণভোটের জন্য মিডিয়াকেই শুধু দায়ী করলে চলবে না। এতে জেরেমি ও তার টিমও সমানভাবে দায়ী। এক্ষেত্রে জেরেমি করবিন পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তাহলে একটি জাতীয় নির্বাচনে কি করে ভিন্নতা আসবে?

ওই লেখায় সাদিক খান লেবার দলের সদস্যদের প্রতি আহ্বান জানান ওয়েন স্মিথের নেতৃত্বের প্রতি সমর্থন জানাতে। এর আগে দু’জন প্রার্থীর মধ্যে একজনের প্রতি সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। এখন সাবেক কর্মসংস্থান ও পেনশন বিষয়ক ছায়া মন্ত্রী ওয়েন স্মিথকে তিনি যখন সমর্থন দিলেন তখন নির্বাচনে এর বড় ধরনের একটি প্রভাব পড়তে পারে।

কারণ, মুসলিম মেয়র হলেও ভীষণ এক জনসমর্থন অর্জন করেছেন সাদিক খান। তার সেই সমর্থন বিরাট প্রভাব ফেলবে নির্বাচনে। এ জন্য তার সমর্থন পেয়ে ওয়েন স্মিথ বলেছেন, আমি তার সমর্থনে ‘হিউজলি অনার্ড’ বা ভীষণ সম্মানিত বোধ করছি। এ বছর লন্ডনে মেয়র পদে চমৎকার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাদিক খান।

এর ফলে বিশাল ম্যান্ডেট অর্জন করেছেন তিনি। তিনি দেখিয়েছেন যে, আশা ও প্রত্যাশা কিভাবে বিজয়ী হয়, যদি তাতে মানুষের জীবনমানের বাস্তব পরিবর্তনের লক্ষ্যে বিশ্বাসযোগ্য পরিকল্পনা থাকে। সাদিক খান লেবার দলের ভবিষ্যতের জন্য আমার দৃষ্টিভঙ্গির প্রতি যে সমর্থন দিয়েছেন তাতে আমি গর্বিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026