শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭

অবৈধভাবে মোটাতাজাকরণ নজরদারিতে পশুর খামার

অবৈধভাবে মোটাতাজাকরণ নজরদারিতে পশুর খামার

আল-আমিন: গরুকে ওষুধ সেবন করিয়ে এবং ইনজেকশন পুশ করে অস্বাভাবিক প্রক্রিয়ায় মোটাতাজাকরণ রোধ করতে খামারগুলোর ওপর নজরদারি শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কোরবানির ঈদকে সামনে রেখে বিশেষ অভিযানের পরিকল্পনা নিয়েছে। কোরবানির পশু যাতে নিরাপদ প্রক্রিয়ায় ক্রেতাদের হাতে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে প্রতিটি ধাপেই নজরদারি থাকবে তাদের। পশুকে অবৈধ উপায়ে মোটাতাজা করছে এমন খামারে অভিযান পরিচালনা করা হবে।

ইতিমধ্যে র্যাবের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ঢাকায় ৫৫টি গরুর খামার চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৩৫টি শ্যামপুর থানা এলাকায়। ওই খামারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পেলে খামারগুলোতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবে।

এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম মানবজমিনকে বলেন, নিষিদ্ধ ও অবৈধ ওষুধ সেবন করিয়ে এবং ইনজেকশন পুশ করার মাধ্যমে গরুকে অস্বাভাবিক প্রক্রিয়ায় মোটাতাজাকরণ করা হয়। এটা বেআইনি। মোটা তাজাকরণের বিষয়টি প্রমাণ করতে গরুর শরীর থেকে মাংস সংগ্রহ করে পরীক্ষা করতে হবে। এটা আসলে সম্ভব নয়। তবে বিকল্প উপায়ে তা নিশ্চিত হওয়া যায়।

র‌্যাবের গোয়েন্দা বিভাগ সূত্র জানিয়েছে, গরুকে বেশি খাইয়ে মোটাতাজা করা হয় বলে ব্যবসায়ীরা সবার কাছে দাবি করে থাকেন। হাটে গরু কিনতে গেলে ক্রেতারাও ব্যবসায়ীদের কাছ থেকে ওই কথা শুনে বিশ্বাস করেন।

কিন্তু র‌্যাবের গোয়েন্দা বিভাগের মাঠ পর্যায়ের অনুসন্ধানে ভিন্ন চিত্র উঠে এসেছে। খামারিরা যেসব গরুকে মোটাতাজাকরণ করেন ওই গরুকে জন্মের পাঁচ বছর পর থেকে ক্লোডিয়া নামক একটি ইনজেকশন পুশ করে। থাইল্যান্ডে তৈরি ওই ইনজেকশন ওই দেশটিতেই নিষিদ্ধ। দুর্বৃত্তরা অবৈধভাবে এ ইনজেকশন আমদানি করে।

এছাড়া পশুকে বিভিন্ন প্রকারের ট্যাবলেট ও ক্যাপসুল খাবারের সঙ্গে দেয়া হয়। এতে পশু অস্বাভাবিকভাবে মোটা হতে থাকে। মাংস পেশি ফুলে যায়। চামড়ার উজ্জলতা ফুটে ওঠে। সূত্র জানায়, ওইসব পশু দেখতে অনেক ভালো লাগলেও পশুগুলো স্বাভাবিক গরুর চাইতে অনেক দুর্বল হয়। তাদের বেশি দূর হাঁটাতে গেলে তারা এমনিতেই নুয়ে পড়ে। শক্তি হারিয়ে ফেলে। এ ধরনের পশুর মাংস মানুষের জন্য ক্ষতিকর।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সদীপ রঞ্জন দেব মানবজমিনকে বলেন, ওষুধ খাইয়ে গরুকে মোটা করা হলে সেটির মাংস খেলে নানারকম অসুখ হতে পারে। কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। হার্টের প্রবলেম দেখা দেয়। প্রেসার অস্বাভাবিকভাবে ওঠানামা করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026