শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সোমবার দু’পক্ষ লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট (এলইএমওএ) নামের ওই চুক্তি স্বাক্ষর করে। এর অধীনে ভারত ও যুক্তরাষ্ট্রে একে অন্যের সামরিক ঘাঁটি ও সম্পদ ব্যবহার করতে পারবে।
তবে এ চুক্তির অধীনে ভারতে মার্কিন সেনাদের অবস্থান অনুমোদন দেয়া হবে না। এ চুক্তিকে সামরিক খাতে একটি মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
এতে বলা হয়েছে, চুক্তির অধীনে বিভিন্ন ধরনের মেরামত ও পুনঃসরবরাহের জন্য দুটি দেশ একে অন্যের স্থল, বিমান ও নৌঘাঁটি ব্যবহার করতে পারবে।
এর মধ্য দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করলো দু’দেশ। চীন নৌ সীমানায় যে ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করছে তার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপকে দেখা হচ্ছে।
দ্বিপক্ষীয় লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার।
এতে দু’দেশের মধ্যে লজিস্টিক সাপোর্ট, সাপ্লাই ও সার্ভিসের সুবিধা রাখা হয়েছে। এ চুক্তি স্বাক্ষরের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা আশা করেন প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতায় সৃষ্টিশীল ও আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যাবে এই চুক্তির কাঠামোর অধীনে এ বিষয়ে তারা সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য ও প্রযুক্তি ভাগাভাগি করতে রাজি হয়েছে। তা এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে যা করা হয় ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের সঙ্গে।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, দু’দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক বন্ধন হবে অভিন্ন মূল্যবোধ ও আগ্রহের ওপর ভিত্তি করে। তারা মেনে চলবে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিকে। এ চুক্তিকে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা খাতে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার সংবাদ সম্মেলনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকারকে সঙ্গে নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার বলেন, এ চুক্তি স্বাক্ষরের ফলে যৌথ লজিস্টিক অপারেশন সহজ হবে, আরও কার্যকর হবে।
পারিকার বলেন, এ চুক্তির অধীনে ভারতীয় ও মার্কিন নৌবাহিনীর সেনারা সহজেই একে অন্যকে যৌথ অপারেশনে সহায়তা করতে পারবে। সামরিক চর্চায় সহায়তা করতে পারবে। মানবিক সহায়তা করতে পারবে।