শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পুলিশ বাহিনীতে মুসলিম নারীদের উৎসাহী করতে স্কটল্যান্ড পুলিশ তাদের ইউনিফর্মে হিজাব অনুমোদন দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও ইন্ডিপেনডেন্ট এ খবর দিয়েছে।
গ্রেইট ব্রিটেনের অংশ স্কটল্যান্ডে অবশ্য আগে থেকেই মুসলিম পুলিশ নারীরা তাদের মাথা ঢেকে রাখতে পারতেন। আনুষ্ঠানিক এ ঘোষণার ফলে এখন থেকে তারা ইউনিফর্মে ঐচ্ছিক পোশাক হিসেবে হিজাব ব্যবহার করতে পারবেন।
স্কটল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ফিল গর্মলে বলেন, এ ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। মুসলিম ও অন্য সম্প্রদায় এবং পুলিশ কর্মকর্তা ও অন্য স্টাফ যে সহায়তা করেছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি।
ফিল গর্মলে আশা প্রকাশ করে বলেন, ইউনিফর্মে হিজাব যোগ হওয়ায় পুলিশ বিভাগ আরও বৈচিত্রপূর্ণ হলো। তারা তাদের মেধা, অভিজ্ঞতা ও ব্যক্তিগত প্রজ্ঞা দিয়ে স্কটল্যান্ড পুলিশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
স্কটল্যান্ড পুলিশের আনুষ্ঠানিক এ ঘোষণাকে ২০১০ সালে মুসলিম পুলিশ সদস্যদের নিয়ে গড়ে ওঠা স্কটিশ পুলিশ মুসলিম অ্যাসোসিয়েশন (এসপিএমএ) স্বাগত জানিয়েছে। সংগঠনটির প্রধান ফাহাদ বাশির বলেছেন, এ ঘোষণা সঠিক নেতৃত্বের ইতিবাচক পদক্ষেপ।
তিনি আরো বলেন, স্কটল্যান্ড পুলিশ এ ধরনের উদ্যোগ নেওয়ায় আমরা আনন্দিত। বিভিন্ন সম্প্রদায় মিলে আমরা স্কটল্যান্ডের সেবাকে আরও এগিয়ে নিয়ে যাব।
উল্লেখ্য, এর আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাদের ইউনিফর্মে হিজাবের অনুমোদন দিয়েছে।