শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জনমত জরিপ যদি সত্যি হয় তাহলে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে বৃটেনের বিরোধী লেবার দলের নেতা নির্বাচিত হচ্ছেন জেরেমি করবিন। তার সঙ্গে এ লড়াইয়ে নেমেছেন ওয়েন স্মিথ।
কিন্তু দ্য টাইমসের জন্য চালানো ইউগভের জরিপে দেখা যাচ্ছে, ওয়েন স্মিথের চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন করবিন। তিনি স্মিথের চেয়ে শতকরা ২৪ ভাগ সমর্থন বেশি পেয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।
এতে বলা হয়েছে, সর্বশেষ ইউগভের এ জরিপে লেবার দলের বর্তমান নেতা জেরেমি করবিনকে সমর্থন করেছেন শতকরা ৬২ ভাগ ভোটার। ওয়েন স্মিথকে সমর্থন দিয়েছেন শতকরা ৩৮ ভাগ ভোটার।
উল্লেখ্য, দলের পার্লামেন্ট সহকর্মীদের এক ‘অভ্যুত্থান’ চেষ্টা থেকে রেহাই পেয়ে এখনও লেবার দলের নেতৃত্ব ধরে রেখেছেন জেরেমি করবিন। লেবার দলের নেতা নির্বাচনে তিনটি গ্রুপ বৈধ দেয়।
এগুলো হলো পূর্ণাঙ্গ সদস্য (ফুল মেম্বার), নিবন্ধিত সমর্থক (রেজিস্টারড সাপোর্টারস) ও ইউনিয়ন সংশ্লিষ্টরা। এ তিনটি গ্রুপের মধ্যেই রয়েছে তার ব্যাপক সমর্থন। ওদিকে ওয়েন স্মিথকে সমর্থন দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।
তিনি অবশ্য জেরেমি করবিনকে একজন ব্যর্থ নেতা হিসেবে আখ্যায়িত করেছেন। এ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা বৃটিশ রাজনীতিতে।