শীর্ষবিন্দু নিউজ: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জামিন পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার সকালে জামিন প্রশ্নে জারিকৃত রুল নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ায় আরিফুলের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে হাইকোর্টের এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহম্মদ বশিরুল্লাহ।
উল্লেখ্য, ২০০৫ সালে জানুয়ারি মাসে সিলেটের এক গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবিরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হন আরো ৪৩ জন। এ ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে মামলাটি অধিকতর তদন্ত করে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করে পুলিশ। ওই চার্জশিটে আরিফুল হককে আসামি করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।