শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের করসিকা দ্বীপের বাস্তিয়া আদালত স্থানীয়ভাবে বুরকিনির ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রাখার নির্দেশ দিয়েছে। আদালতের রায়ে বলা হয়, সরকারি নির্দেশের ভিত্তিতে ওই নিষেধাজ্ঞা আইনসম্মত।
গ
ত মাসে করসিকায় উত্তর আফ্রিকা বংশোদ্ভূত একটি পরিবার ও স্থানীয় তরুণদের মধ্যে সিসকো সমুদ্রসৈকতে সংঘর্ষ হয়। এতে পাঁচ জন আহত হয়। ওই ঘটনার পরই সিসকো গ্রামের মেয়র অ্যাং-পিয়েরে ভিভোনি বুরকিনির ওপর নিষেধাজ্ঞা জারি করে।
ফ্রান্সের আরও কয়েকটি শহরেও বুরকিনির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে আগস্টে ফ্রান্সের শীর্ষ প্রশাসনিক আদালত থেকে এই নিষেধাজ্ঞা মৌলিক স্বাধীনতার লঙ্ঘন বলে আদেশ দেয়।
ওই আদেশে আরও বলা হয়, বুরকিনি পরিধান করায় যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে, তবে এই নিষেধাজ্ঞার অনুমোদন দেয়া যাবে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ফ্রান্সের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস লিগ বুরকিনির ওপর জারি করা নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আবেদন করেছিল। মঙ্গলবার করসিকার বাস্তিয়া আদালত সেই আবেদনকে খারিজ করে দেয়।
আদালতের রায়ে বলা হয়, ভূমধ্যসাগরীয় ওই দ্বীপে ‘তীব্র আবেগ থাকা’য় এই নিষেধাজ্ঞা বহাল রাখা উচিত। রায়ের প্রতিক্রিয়ায় মেয়র অ্যাং-পিয়েরে ভিভোনি বলেন, এই রায় তার নিজের ও স্থানীয় জনগণের জন্য স্বস্তির।
তিনি আরও বলেন, ‘মৃত্যুর ঝুঁকি এড়ানো’র জন্য তিনি এমন নির্দেশ দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, সিসকো সমুদ্রসৈকতের ওই সংঘর্ষে হাতুড়ি ও হার্পুনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল।
ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ পোশাক নিয়ে ফ্রান্সের আইন
* ২০১০ সালে প্রথম ইউরোপিয় দেশ হিসেবে ফ্রান্স গোটা দেশে জনসম্মুখে সম্পূর্ণ মুখম-ল ঢেকে রাখা নেকাব পরিধান নিষিদ্ধ করে।
* দেশটিতে ২০০৪ সালের স্কুল ও কলেজে ধর্মীয় প্রতীকসম্বলিত কোনো ধরনের পোশাক পরিধান নিষিদ্ধ করা হয়।
* ফ্রান্সের ১৯০৫ সালের সংবিধানে চার্চ ও রাষ্ট্রকে পৃথক রাখার লক্ষ্য গ্রহণ করা হয়। তাতে শিক্ষায় ধর্মনিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি ধর্ম স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা চর্চার নিশ্চয়তার কথা বলা রয়েছে। মূল সংবিধানে পোশাক নিয়ে কোনো বিধান নেই।