বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:১৯

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে পবিত্র হজ শুরু: মিনায় নেমেছে হজযাত্রীর ঢল

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে পবিত্র হজ শুরু: মিনায় নেমেছে হজযাত্রীর ঢল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইহরাম পরিহিত অবস্থায় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে মক্কা থেকে মিনা যাত্রার মাধ্যমে ৫ দিনের হজের আনুষ্ঠানিকতা শুরু করেছেন হজ পালনকারীরা।

চারদিকে মানুষের ঢল নেমেছে। হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ। তারা ডানে বামে তাকাচ্ছেন না। এক আল্লাহর ধ্যান করতে করতে এগিয়ে যাচ্ছেন পবিত্র নগরী মিনার দিকে। এ এক অদ্ভুত সুন্দর দৃশ্য।

এবার বিশ্বের ১৫০টিরও বেশি দেশ থেকে হজ পালনে মক্কায় সমবেত হয়েছেন ১৩ লাখ ২৩ হাজার ৫২০ জন মুসলমান। সৌদি সংবাদপত্র সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সূর্য ডোবার পর থেকে এসব হজযাত্রী পবিত্র মিনায় সমবেত হওয়া শুরু করেছেন। তাদের মুখে আল্লাহর বাণী। দমে দমে আল্লাহকে ডাকছেন। হাতে পানির বোতল। কব্জিতে বাঁধা নাম, পরিচয়বাহী ব্রেসলেট। পিঠে ব্যাগ।

পবিত্র হজের ৫ দিনের আনুষ্ঠানিকতার প্রথম পর্ব সম্পন্ন করতে তারা ছুটছেন সবাই। কোন বর্ণ, গোত্র, সাদা, কালোর ভেদাভেদ নেই। সবাই সেখানে এক আল্লাহর অতিথি। আজ শনিবার সৌদি আরবে ৮ই জিলহজ। এদিনে সব হজযাত্রী সমবেত হবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে।

এখানেই আজকের দিন শেষে রাত কাটাবেন শীতাতপ নিয়ন্ত্রিত, অগ্নিপ্রতিরোধী তাঁবুতে। রাত শেষে আগামীকাল ৯ই জিলহজ তারা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ছুটে যাবেন সেই ঐতিহাসিক আরাফাতের ময়দানে, যেখানে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (স.) তার বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন।

আর সেই ভাষণের মধ্য দিয়ে তিনি ইসলামের পূর্ণতা দেয়ার ঘোষণা দিয়ে গিয়েছেন। দিকনির্দেশনা দিয়ে গেছেন সারা মুসলিম উম্মাহর জন্য। সেখানে গিয়ে ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত করে তুলবেন হজযাত্রীরা।

শুক্রবারই হজের প্রস্তুতি হিসেবে লাখ লাখ হজযাত্রী সমবেত হতে থাকেন পবিত্র মক্কা নগরীতে। গ্রান্ড মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রায় ১৫ লাখ মুসল্লি। সূর্যের প্রখর রোদ তাদের গতিবিধি, উদ্দেশ্যে কোন বাধা হয়ে দাঁড়াতে পারে নি। শুক্রবার মক্কায় দিনের তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যেই আল্লাহকে রাজি, খুশি করার জন্য মুসল্লিরা, হজযাত্রীরা ছুটে যান গ্রান্ড মসজিদে। আদায় করেন জুমার নামাজ।

তবে এবার মক্কা থেকে মদিনা, মদিনা থেকে আরাফাত আবার ঠিক উল্টো যাত্রা মসৃণ, নিরাপদ করতে পবিত্র দুই মসজিদের রক্ষ বাদশা সালমানের নেতৃত্বে সরকার চমৎকার ব্যবস্থাপনা করেছে। এ বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল তুর্কি হজযাত্রীদের এই বিশাল সমাবেশকে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন, হজযাত্রীদের সফরকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সব রকম আয়োজন সম্পন্ন হয়েছে। হজ সিকিউরিটি ফোর্সেসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল হারবি বলেছেন, যা করা হয়েছে তা মহান আল্লাহর অতিথিদের সম্মানে করা হয়েছে। পবিত্র এই মক্কা নগরীকে আল্লাহ বেছে নিয়েছেন। আমরা সৌদি নাগরিকরা হজযাত্রীদের সর্বোত্তম সেবা দেয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।

শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (সা.) ১৪শ’ বছরেরও আগে যেভাবে হজ পালন করেছেন ইসলামের মূল ৫টি স্তম্ভের অন্যতম এই হজ সেভাবেই প্রতি বছর পালন করে চলেছেন মুসলমানরা।

এদিকে হজ উপলক্ষে এবার মক্কা ও মদিনায় নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য সৌদি হজ কর্তৃপক্ষ হাজিদের ভাগ ভাগ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করেছে

উল্লেখ্য, মিনায় যাত্রার আগে জুমার নামাজের আগে হজযাত্রীরা পবিত্র কাবা ঘর তাওয়াফ করেছেন। জেদ্দা, রিয়াদ ও দাম্মাম থেকে হজযাত্রীবাহী শত শত গাড়ি ও অন্যান্য যানবাহন শুক্রবার ছুটে যায় মক্কায়। কোনো কোনো গাড়ি সরাসরি চলে যায় মিনায়। মিনায় পৌঁছে তাদের মাঝে আনন্দের যেন সীমা নেই। জীবনে হজের আনুষ্ঠানিকতায় পৌঁছাতে পেরে আনন্দে কাঁদেন অনেক হজযাত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025