শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭

দখলদাররা হটলো না সিলেটে পশুর হাট ছাড়লেন ইজারাদার

দখলদাররা হটলো না সিলেটে পশুর হাট ছাড়লেন ইজারাদার

ওয়েছ খছরু: সিলেটে ২৭ লাখ টাকায় ইজারা নেওয়া পশুর হাট ছেড়ে দিতে বাধ্য হয়েছেন ইজারাদার সিরাজুল ইসলাম শামীম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অকার্যকর ভূমিকার কারণে সন্ত্রাসীদের হাতে পরাজিত হয়ে হাট ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।

গতকাল সিলেটে সংবাদ সম্মেলন করতে এসে শামীম জানালেন, ভাই পারলাম না। দখলদাররা হাটে অস্ত্র মজুত রেখেছে। বার বার হামলা চালাচ্ছে। পশু ব্যবসায়ীরা ভয়ে তটস্থ। দফায় দফায় হামলায় আমার অনেক লোক আহত। শেষ পর্যন্ত ছেড়ে আসতে বাধ্য হয়েছি।

সিলেটের আলোচিত পশুর হাট মাছিমপুরের কয়েদির মাঠের হাট। এই হাটকে ঘিরে দুই সপ্তাহ ধরে টান টান উত্তেজনা বিরাজ করছে। এর কারণ ইজারার আগেই একটি মহল জোরপূর্বক হাট দখলে নেয়।

গত ৫ই সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশন থেকে বৈধভাগে ইজারা নেন নগরীর ছড়ার পাড়ের বাসিন্দা সিরাজুল ইসলাম শামীম। এরপর ৬ই সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশন পশুর হাট সমঝে দিতে এসেও পারেনি। হাট ছাড়েননি অবৈধ দখলদাররা। হাট সমঝে না পাওয়ায় ৭ই সেপ্টেম্বর ইজারাদার শামীম ৪৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের কাছে আবেদন করেন।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ই সেপ্টেম্বর সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান মোবাইল কোর্ট নিয়ে কয়েদির মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন। কিন্তু দখলদারদের সশস্ত্র বাধার মুখে তিনিও মাঠ দখলে নিতে ব্যর্থ হন। এদিকে, মোবাইল কোর্ট পরিচালনার দিনই রাতে দখলদার পক্ষ অস্ত্র নিয়ে হামলা চালায় ইজারাদার শামীমের লোকজনের উপর।

এতে বেশ কয়েকজন আহতও হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে শুক্রবারও দিনভর উত্তাপ-উত্তেজনার কমতি ছিল না বাজারে।

গতকাল সিলেটে সংবাদ সম্মেলনকালে হাটের ইজারাদার শামীম জানালেন, মাছিমপুরের কয়েদির মাঠকে যখনই বাজার হিসেবে ঘোষণা দেওয়া হয় তখন ওই এলাকার সাবেক কাউন্সিলর ফারুক ও বর্তমান কাউন্সিলর মোস্তাকের লোকজন মাঠ দখলে নেয়। তাদের সঙ্গে ছিলেন যুবলীগ, ছাত্রলীগ ও ছাত্রদলের ক্যাডার বাহিনী। তারা ঘোষণা দেয় ওই মাঠে সিটি করপোরেশনের কোনো ইজারাদারদের ঢুকতে দেওয়া হবে না।

এজন্য সিটি করপোরেশন থেকে ইজারা দেওয়া হলেও মাঠ দখলে নেওয়া সম্ভব হয়নি। মোবাইল কোর্ট পরিচালনা করায় তারা ক্ষিপ্ত হয়ে রাতে হামলা চালিয়ে ৬ লাখ টাকা লুট করে। আর ওই সময় হাটে থাকা ব্যবসায়ীদের বেশ কয়েকটি গরুও নিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলেও তাদের কবল থেকে মাঠ মুক্ত করা হয়নি।

ইজারাদার শামীম জানালেন, এখন তার জীবন হুমকির মুখে। সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। ছড়ার পাড়ের লোকজনকে দেখলেই ধাওয়া দিচ্ছে।

এতে করে খুন-খারাবির সম্ভাবনা রয়েছে। বাধ্য হয়ে তিনি গতকাল সকালে হাট থেকে উঠে এসেছেন। তিনি বলেন, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনকে বিষয়টি অবগত করা হয়েছে। এরপরও তাদের পক্ষ থেকে কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করা হয়নি। এ কারণে বাধ্য হয়ে মাঠ ছেড়ে দিয়েছি।

এদিকে, হাট ছেড়ে দেওয়ার পর ইজারাদার শামীম গতকালই সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের কাছে ৬৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন। এ ব্যাপারে সিটি করপোরেশন ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবও ইজারাদারের লিখিত আবেদন পাওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবেন। তবে, ইজারাদার জানালেন, তিনি আর হাটে ফিরবেন না। নিয়ম অনুযায়ী ৮ তারিখ থেকে হাট শুরু করার কথা।

কিন্তু সিটি করপোরেশন ১০ তারিখ পর্যন্ত হাট সমঝে দিতে পারেনি। আর ঈদ তো এসেই গেল। এখন দখলদারদের সরিয়ে হাট তাকে সমঝে দিলেও লোকসান থেকে বের হওয়ার কোনো পথই খোলা নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026