শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট নগরীতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লাখো মানুষ আদায় করলেন পবিত্র ঈদুল আযহার নামাজ।
এ সময় দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। নামাজ আদায় শেষে একে অন্যের সাথে কুলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
সিলেটে বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় অনুষ্ঠিত ওই ঈদগাহে নামাজ আদায় করেন মুসল্লিরা। ভেতরে জায়গা না পেয়ে অনেককে পাশের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে।
এছাড়া সকাল ৮টায় হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সিলেট কালেক্টরেট মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজারস্থ হাজি কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম, কোর্ট পেয়েন্টের কালেক্টরেট জামে মসজিদের ঈদের জামাত সকাল ৮টায়, সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় এবং সকাল সাড়ে ৯টায় তৃতীয় জামাত, নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসায় সকাল সাড়ে ৭টায়, শেখ ছানা উল্লাহ জামে মসজিদ ওয়াকফ এস্টেটে সকাল ৮টায়, নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেটে সকাল ৮টায়, মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদে সকাল ৮টায়, জামেয়া মদিনাতুল উলূম দারুস সালাম খাসদবির মাদরাসা মাঠ সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহে সকাল ৮টায়, পাঠানটুলা নবাবী শাহি ঈদগাহে সকাল ৮টায়, পশ্চিম পীর মহল্লায় জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ সুরমার ভার্থখলা জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ও লালাবাজার শাহি ঈদগাহ ময়দানে সাড়ে ৮ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয় ।
নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন মোনাজাত করা হয়। এবার ঈদগাহকে ঘিরে মহানগর পুলিশ প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদস্যদের সাথে সাথে গোয়েন্দারাও তৎপর রয়েছেন ঈদগাহকে কেন্দ্র করে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মুসল্লীদের সাথে মিশে গিয়ে কাজ করছেন গোয়েন্দারা।