আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বে সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত মালালা ইউসুফজাইয়ের নামে মহাকাশের কক্ষপথে আবিষ্কৃত একটি গ্রহাণুর নামকরণ করেছে নাসা। এ গ্রহাণুটির অবস্থান মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝামাঝি স্থানে। প্রতি ৫ বছর ৫ মাসে সূর্যের কক্ষপথ একবার প্রদক্ষিণ করে নতুন এ গ্রহাণুটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার প্রোপালশন ল্যাবরেটরির মহাকাশ বিজ্ঞানী অ্যামি মেইনজার অ্যাস্টেরয়েড ৩১৬২০১ নামের এ গ্রহাণুটির নাম রেখেছে ‘মালালা’। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ওই মহাকাশ বিজ্ঞানী বলেছেন, মালালার নামে একটি গ্রহাণুর নামকরণ করা অত্যন্ত সম্মানের।
আমার ডক্টরেট সম্পন্ন করা সহকর্মী ডক্টর ক্যারি নুজেন্ট আমার দৃষ্টি আকর্ষণ করে বললেন, যদিও বহু গ্রহাণুর নামকরণ করা হয়েছে, খুব অল্প সংখ্যক গ্রহাণু নারীর অবদানের সম্মানে নামকরণ করা হয়েছে (বিশেষ করে শ্বেতাঙ্গ ছাড়া অন্য নারীদের)। অ্যামি মেইনজার গ্রহাণুটি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝ বরাবর মেইন বেল্ট-এ আবিষ্কার করেন, যার ফলে তিনি এর নামকরণের সুযোগ পেয়েছেন।