শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উপকূলবর্তী এলাকায় শরণার্থীদের আটক করাকে বৈধ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার হাইকোর্ট। বুধবার এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
তবে এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। আদালতের এ রায়ে ২৬৭ অভিবাসনপ্রত্যাশীকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরুতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩৯ শিশু রয়েছে। এর মধ্যে ৩৩ শিশু অস্ট্রেলিয়ায় জন্মেছিল।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, আদালতের এ রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী শিশুদের অধিকার সুরক্ষায় নৈতিক জায়গা থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, নাউরুর সব অভিবাসনপ্রত্যাশী বাজে জীবনযাপনের কুফল ভোগ করেছে।
আলজাজিরার খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল একে গুরুত্বপূর্ণ’ বলেছেন। তিনি বলেন, সরকার অস্ট্রেলিয়া সীমান্ত সুরক্ষিত রাখবে এবং সমুদ্রে ডুবে যাওয়া বন্ধ করবে।