গ্যালারী থেকে: তৃতীয়বারের মতো সিলেট বিভাগীয় স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করে সন্তুষ্ট হলেও আগামী দুই সপ্তাহ পর আরও একবার মাঠ পরিদর্শন করে তবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষণা দিতে চায় আইসিসি। মঙ্গলবার দুপুরে চার সদস্যের আইসিসি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করে একথা জানায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিদর্শক দলের প্রধান আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি জানান, স্টেডিয়ামের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী দুই সপ্তাহ পর আরও একবার মাঠ পরিদর্শন করে তবেই বলা যাবে মাঠ প্রস্তুত হয়েছে কিনা।
বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান মাহবুব আনাম জানান, মাঠ নিয়ে কোনো অনিশ্চয়তার কারণ নেই। নির্ধারিত সময়ের মধ্যেই স্টেডিয়ামের কাজ সম্পন্ন হবে। আর এই স্টেডিয়ামেই ২০১৪ সালের অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা অনুষ্ঠিত হবে। এই কর্মকর্তা আরও জানান, এই স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যন্ড সিরিজের একটি খেলাও অনুষ্ঠিত হবে।
পরিদর্শক দল জানায়, আগামী দুই সপ্তাহ পর পরিদর্শনে এসে কাজ সন্তোষজনক হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে বিসিবি কর্মকর্তারা বলেছেন, যেসব কাজ বাকি রয়েছে তা নির্ধারিত সময়েই শেষ হবে।