বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩১

সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: কারখানা ছুটি ঘোষণা

সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: কারখানা ছুটি ঘোষণা

শীর্ষবিন্দু নিউজ: মজুরি বোর্ড প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকেরা আজ সোমবার সকাল থেকে অশান্ত হয়ে ওঠেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ৫০ জন। মালিকপক্ষ মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরি মেনে না নেয়ায় শ্রমিক বিক্ষোভের পর সাভার ও আশুলিয়ার অর্ধশতাধিক কারখানায় সোমবারও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে জামগড়া থেকে নরসিংহপুর ও জিরাব থেকে বিশমাইল এলাকার দেড় শতাধিক কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। এর আগে একই দাবিতে গত শনি ও রোববার সাভার এবং আশুলিয়ার বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মজুরি বোর্ড ঘোষিত সর্বনিম্ন মজুরি বাস্তবায়নের দাবিতে সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। হাজার হাজার শ্রমিক রাস্তায় বের হয়ে যানবাহন ও পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। পুলিশ ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেড় ঘণ্টার বেশি সময় ধরে আশুলিয়ার জামগড়া ও ছয়তলা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল শেখসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন।

বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আশেপাশের কারখানায় ইট-পাটকেল ছুড়ে শ্রমিকদের বের করে আনে। এ সময় তারা সাভারের উলাইল বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। পরে সকাল ৯টার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মজুরী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের নূন্যতম মজুরী ৫৩০০ টাকা করা হলেও মালিক পক্ষ তা মেনে নেয়নি। এনিয়ে বেশ কয়েক দিন ধরেই শ্রমিক অসন্তোষ চলে আসছে সাভার-আশুলিয়ায়। সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, বিশৃঙ্খলা ঠেকাতে দুই শিল্পাঞ্চলে সকাল ১০টা থেকে বিজিবির টহল শুরু হয়েছে।

পুলিশ জানায়, শ্রমিকরা সকালে কারখানায় এসে বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে শিল্প পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলা ঠেকাতে দুই শিল্পাঞ্চলে টহল শুরু করেছে বিজিবি। সংঘর্ষ চলাকালে পথচারীসহ শতাধিক শ্রমিক আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

 

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026