গ্যালারী থেকে: বিশ্বের সেরা ফুটবল দলগুলোর আকাঙ্ক্ষিত ফিফার আসল ট্রফি এখন বাংলাদেশে। আর তা দেখে চোখের পিপাসা মেটাচ্ছে দেশের ফুটবল প্রেমীরা। বুধবার হোটেল রেডিসনে শুরু হয়েছে ট্রফি প্রদর্শনী। প্রথম দিন নির্ধারিত ভক্তরা দেখতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত। গত ১২ সেপ্টেম্বর ব্রাজিলের রিও ডি জেনেরিও থেকে শুরু হয়েছে ২৬৭ দিনব্যাপী এক লাখ ৪৯ হাজার ৫৭৬.৮ কি.মি এই পথভ্রমণ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ এবং ইন্ডিয়ান এন্ড সাউথ ইস্ট এশিয়া আয়োজক কমিটির ভাইস প্রেসিডেন্ট বিরাজ দার সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে ট্রফি দর্শকদের প্রদর্শনীর জন্য উদ্বোধন করেন।
ফিফার এই ট্রফি দেখতে প্রথম দিন থেকেই রেডিসনে ভক্তদের ঢল নামে। তারা শুধু ট্রফি এক পলক দেখেই ক্ষান্ত হচ্ছেন না, ছবিও তুলছেন পাশে দাঁড়িয়ে থেকে। তাত্ক্ষণিকভাবে ছবি পেয়েও যাচ্ছেন তারা।
পূর্বনির্ধারিত ভেন্যু ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। টেকনিক্যাল কারণে ভেন্যু পরিবর্তন করা হলেও তার প্রভাব একটুও পড়েনি। সুশৃঙ্খলভাবে দর্শকরা ট্রফি দেখছেন জানালেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ট্রফি খুব সুন্দরভাবে প্রদর্শিত হচ্ছে। দর্শকরা আনন্দ নিয়ে ট্রফি দেখছে। ভেন্যু পরিবর্তন হওয়ায় কোনো সমস্যা হয়নি। দেশের সকল শ্রেণীর মানুষ সুশৃঙ্খলভাবে ট্রফি দেখছে। স্বাভাবিকভাবে সব কার্যক্রম হচ্ছে।
এদিন মাঠে এসেছিলেন বল মাথায় নিয়ে ১৫.২ কিলোমিটার হেটে গিনেজ বুকের রেকর্ডধারী আব্দুল হালিম। হোটেলের লবিতে উল্লসিত দর্শকদের কারিকুরিও দেখালেন তিনি। আসল ট্রফি বাংলাদেশের মাটিতে, এনিয়ে মাগুরার এই কৃতি সন্তান বাংলানিউজ’কে জানান,‘বাংলাদেশে ফিফা বিশ্বকাপের আসল ট্রফি বিশাল ব্যাপার। আমি এখানে বাফুফের পক্ষ থেকে এসেছি। দর্শকরা স্বপ্নের ট্রফি কাছ থেকে দেখতে পাচ্ছে। সত্যিই অনেক বড় ব্যাপার।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অঞ্জন খান ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সের ভক্ত। বিশ্বসেরাদের আকাঙ্ক্ষিত ট্রফিটি দেখতে এসেছেন তিনি। একদিন বাংলাদেশের হাতেও উঠবে এই ট্রফি এমনটাই প্রত্যাশা তার,বাংলাদেশে ট্রফি এসেছে অনেক আনন্দিত আমি। এই মুহূর্তে দেশের জন্য বিশাল ব্যাপার। আমি আশা করি একদিন বাংলাদেশও এই শিরোপা জিতবে।
বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলা ঢাকায় ট্রফিটি এনেছে মঙ্গলবার। তিনদিনের সফর শেষে এটি ঢাকা ত্যাগ করবে বৃহস্পতিবার। শেষদিন প্রদর্শনী চলবে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত। কোকাকোলা খেয়ে তার ছিপির গায়ে দেওয়া নম্বরে এসএমএস করে লটারির মাধ্যমে বিজয়ী নয় হাজার ও দেশের ফুটবল সংশ্লিষ্ট ছয় হাজার ব্যক্তিকে সৌজন্য টিকিট দিয়েছে এই পানীয় কোম্পানি।