শীর্ষবিন্দু নিউজ: পিস রেটে (উৎপাদন মূল্য) কাজ করা ১০ লাখ শ্রমিককে ওভারটাইমের অতিরিক্ত মজুরি থেকে বঞ্চিত করা হয়েছে। এ অভিযোগ এনেছে গার্মেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ। প্রাপ্য মজুরি প্রদানসহ শ্রমিকদের অধিকার বাস্তবায়নের দাবিতে ১০ মার্চ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি। সোমবার বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সমন্বয়ক রফিকুল ইসলাম পথিক।
সংবাদ সম্মেলনে আশুলিয়ায় তাজরীন গার্মেন্টের মালিক দেলোয়ার হোসেনের বিচারের দাবি জানান বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। এ সময় অন্যান্যের মধ্যে বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির আহ্বায়ক মীর মোফাজ্জল হোসেন, গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সমন্বয়ক রফিকুল ইসলাম পথিক। অভিযোগ করে বলেন, মজুরি কাঠামোতে পিস রেটে কাজ করা শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। পিস রেটে কাজ করা শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার কোনো পদক্ষেপই নেয় নি। সরকারের কাছে ১০৮ ধারা রহিতকরণ আদেশ বাতিল করে পিস রেটে কর্তব্যরত শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবি জানান রফিকুল ইসলাম পথিক। তিনি বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিলেও এ পর্যন্ত ৩৮ শতাংশ কারখানায় তা বাস্তবায়ন করা হয়নি। কিন্তু নতুন মজুরির অজুহাতে সংশ্লিষ্টরা সরকারের কাছ থেকে নানা সুবিধা হাতিয়ে নিচ্ছে।
এরই মধ্যে কারখানা মালিকরা ঋণ পুনঃতফসিলিকরণে আইনি বাধ্যবাধকতায় ছাড় ও ১ শতাংশ কম সুদ হারে রপ্তানি সহায়তায় ঋণ এবং উৎসে কর কমাতে সরকারের সঙ্গে আলোচনা করেছে। প্রাপ্য মজুরি প্রদানসহ শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য ১০ মার্চ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন রফিকুল ইসলাম পথিক।