শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪১

ফাইনালে শ্রীলঙ্কা

ফাইনালে শ্রীলঙ্কা

তালহা বিন নজরুল: ক’দিনের প্রচণ্ড গরম, অসহনীয় জনজীবন। এর মধ্যে বৃষ্টিটা দেশবাসীর কাম্যই ছিল। কিন্তু এই খেলার মাঝে আশা করেননি কেউ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শুরুর আগেই বাইরে বাতাস জোরালো হয়ে আসছিল। ঝড়ের পূর্বাভাস সুস্পষ্টই ছিল। তবুও খেলা চলছিল। তবে শেষটা হতে পারলো না। ১৪তম ওভারের শেষ বলটি করারও সুযোগ পেলেন না প্রথম ওভারে প্রচণ্ড মার খাওয়া কুলাসেকারা। শুধু বৃষ্টি নয়, প্রচণ্ড শিলাবৃষ্টি। আম্পায়ার-খেলোয়াড় সবাই দৌড়ে আশ্রয় নিলেন সাজঘরে।

দর্শকরা কোনমতে গা-বাঁচাতে বের হযে গেলেন গ্যালারি থেকে। সেফটি ফার্স্ট-সবারই। তবে কাজ বেড়ে গেল মাঠকর্মীদের। পিচ ঢাকার সব আচ্ছাদন নিয়ে তারা ছুটলেন এবং দ্রুত সব বিছিয়েও দিলেন একর পর এক। সে দৃশ্যও দেখার মতো। প্রথমে মাঠের জায়ান্ট স্ক্রিন কাজ করছিল না। পরে ভেসে উঠলো- রেইন স্টপস প্লে। খেলা আর হবে বলেও মনে হয় না। তার মানে শ্রীলঙ্কা আবারও ফাইনালে। তাদের ১৬০ রানের জবাবে ১৩.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮০, উইকেট নেই চারটি। পুরো খেলা হলেও ক্যারিবীয়দের জয়ের সম্ভাবনা কমে এসেছিল। আর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লঙ্কানরা এগিয়ে আছে ২৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল ১৯ ও স্যামি ০ রানে ক্রিজে ছিলেন। সবচেয়ে বেশি ৩০ রান করেন ডোইেন ব্রভো। মালিঙ্গা ২ ওভার বল করে নেন ২ উইকেট।

গত বিশ্বকাপের ফাইনালে দেশের হাজারো সমর্থকের সামনে পারেনি সিংহলিরা। প্রতিপক্ষ ছিল এই ওয়েস্ট ইন্ডিজ। টার্গেটও খুব বেশি ছিল না। সে-বার টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন স্যামি। করেছিলেন মাত্র ১৩৭ রান। সেটাই টপকাতে পারেনি মাহেলা জয়াবর্ধনের দল।

এবার নিরপেক্ষ মাঠ। সুবিধাটাও বেশি পাওয়ার কথা ছিল স্যামিদের। এখানেই তার টানা খেলেছে চার ম্যাচ। একদিন আগেই ধসিয়েছে পাকিস্তানকে। আর শ্রীলঙ্কা চট্টগ্রামে টানা চার ম্যাচ খেলে এসেছে ঢাকায়। ভিন্ন মাঠ, ভিন্ন আবহাওয়া যে সবসময়ই প্রতিকূল হয় না, নৈপুণ্যের কাছে ম্লান হয় সব- প্রমাণ দিলেন লঙ্কানরা। ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করেছিল দুর্দান্ত। প্রথম ওভারেই ১৭ রান। কুলাসেকারার প্রথম বলে চার, পরের বলে ছয়। ব্যাটসম্যান ডোয়েইন স্মিথ। পরের ওভার থেকে বোলার পরিবর্তনে কাজ হয়। চুপসে যান স্মিথ-গেইল। মালিঙ্গা এসে বিদায় করে দেন ওই দুজনকে। ফলে পরের ৬ ওভারে রান ওঠে ১৭। এখানেই পিছিয়ে পড়ে ক্যারিবীয়ানরা। এরপরে চেষ্টা করেও ফিরতে পারছিলেন না তারা।

এর আগে টসে জিতে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক লাসিথ মালিঙ্গা ব্যাটিং বেছে নেন। কুশল পেরেরা ও তিলকারত্নে দিলশান শুরুটাও করেন বেশ। প্রথম ওভারে ৫ রানের পর দ্বিতীয় ওভারে পেরেরার দুই চারে ওঠে ১২ রান। তৃতীয় ওভারে স্যামুয়েল বাদ্রির প্রথম বলেই দিলশানের ছক্কা। এরপার পেরেরাও । দুই ছক্কায় রান ওঠে ১৫। চতুর্থ ওভারে পেসার শান্টোকির বলেও পেরেরা ছক্কা হাঁকান। ২৩ বলে দলের স্কোর দাঁড়ায় ৪১। ওভারের শেষ বলটি ফুল লেংথে দিলেন বাম হাতি শান্টোকি। ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করতে চাইলেন পেরেরা। কিন্তু  কৌশলে ভুল হয়ে যায় কুশলের। বল-ব্যাটের নিচের কানায় লেগে আঘাত হানে স্ট্যাম্পে। উইকেট পেয়েও তেমন উল্লাস করলেন না ক্রিশমার শান্টোকি। কিন্তু তাকে ছক্কা মারার প্রতিশোধ যে তিনি নিতে পেরে নিশ্চয় খুশি হবেন। পেরেরা ১২ বলের ইনিংসে ২ ছক্কা-২ চারে করেন ২৬ রান।

এরপর দ্রুতই একটা মাঝারি গতির ঝড় বয়ে যায় লঙ্কান ইনিংসে। অভিজ্ঞ জয়াবর্ধনে কোন বল খেলার আগেই রানআউট। টি-২০ ক্যারিয়ারে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয়বার এই ‘ডায়মন্ড ডাক’-এর শিকার হলেন তিনি। দিলশানের সঙ্গে সাঙ্গাকারা জুটি বাঁধেন। দুই প্রবীনে রানের চাকা শ্লথ হয়ে যায়। কিন্তু বাদ্রি তার শেষ ওভারে নিজের বলে ক্যাচ নিয়ে বিদায় করেন ধুঁকতে থাকা সাঙ্গকারাকে। তার সংগ্রহ ৬ বলে ১। শ্রীলঙ্কার দুই সাবেক অধিনায়ক জয়াবর্ধনে আর সাঙ্গাকারার এটিই টি-২০’র শেষ বিশ্বকাপ হতে পারতো যদি দল ফাইনালে না যেত। ২ ওভারে ২০ রান দেয়া লেগ স্পিনার বাদ্রি তার পরের ২ ওভারে রান দেন মাত্র তিনটি। ৭ ওভারে ৫০ রান করতে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০ ওভারে সংগ্রহ ৬৫/৩। বড় স্কোর নিয়ে সংশয় দেখা দেয়।

তবে তা দূর করতে ভূমিকা রাখেন দিলশান ও লাহিড়ি থিরিমান্নে। এ জুটি ৪২ রান করে বিচ্ছিন্ন হয় দিলশানের রানআউটের ফলে। টি-২০তে নকআউট ম্যাচে দিলশান এ পর্যন্ত ১৪৭ রান করেছেন যা আর কেউ পারেনি। এশিয়া কাপে দারুণ খেলা দেখানো থিরিমান্নে সর্বোচ্চ ৪৪ রান করেন ৩৫ বলে তিন চার আর দুই ছক্কায়। ২০টি আন্তর্জাতিক টি-২০ খেলায়ও এটি তার সর্বোচ্চ স্কোর। আগের সেরা ছিল ৩০ রান। এরপর ঝড় তোলেন ওয়ান ডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি শেষ দিকে দু’টি ছক্কাসহ ৪০ রান করেন ২৩ বলে। তিনটি চারও ছিল তার। শান্টোকির শেষ ও ইনিংসের ১৯তম ওভারে ১৭ এবং আন্দ্রে রাসেলের করা  ওভারে ১৫ রান তুলে শ্রীলঙ্কা সংগ্রহ ১৬০-এ নিয়ে যায়। শেষে স্পিনার না রাখার জন্য আফসোস করতে পারেন অধিনায়ক স্যামি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026