গ্যালারী থেকে ডেস্ক: বাংলাদেশের হয়ে আর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না বলে হুমকি দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র অনাপত্তিপত্র না নিয়ে সাকিব আল হাসান ক্যারিবীয় পেশাদার লীগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দিয়েছেন দু’দিন আগে। এতে সাকিবকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে বিসিবি ।
তবে বাংলাদেশের এ ক্রিকেট তারকা রাখলেন উল্টো হুমকি। বললেন, বরং দেশের হয়ে আর খেলবেন না। সাকিবের এমন কথা একটি মোবাইল টেক্সট বার্তায় বিসিবি সভাপতি নাজমুল হোসেনকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ২০ আগস্ট। সফরকে সামনে রেখে ১লা জুলাই শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প । আর ক্যারিবীয় প্রিমিয়ার লীগ চলবে ১১ই জুলাই থেকে ১৬ই আগস্ট পর্যন্ত।
১লা জুলাই অনুশীলন ক্যাম্পে উপস্থিত থাকতে কোচ হাথুরুসিংহে চিঠি দিয়েছেন সাকিবকেও। দুই দিন আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ খেলতে গেলে সাকিবকে ডেকে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতেই ক্ষিপ্ত হয়ে এই হুমকি দিয়েছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। বিসিবি বলছে, খেলতে যাওয়ার আগে সাকিব কোনো অনুমতি নেননি।
অপরদিকে সাকিব বলছেন তিনি আকরাম খানের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছেন। তবে বিসিবি’র অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট) ছাড়াই ক্যারিবীয় লীগে পাড়ি দেয়ায় সাকিবকে শাস্তি পেতে হবে বলে এক দৈনিক পত্রিকায় জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বিসিবি সভাপতি বলেন, সাকিব আমার প্রিয় খেলোয়াড়, মোহাম্মদ আশরাফুলও তাই। ওই চিঠির জন্য আমি অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সাকিবের প্রতি সম্মান রেখেই বলছি, দলে শৃঙ্খলা ভঙ্গের ঘটনা কখনোই মেনে নেবে না বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভাল হয়, এমন সিদ্ধান্ত নিতে আমরা দ্বিধা বোধ করবো না। সাকিবের এ আচরণ ভবিষ্যতের খেলোয়াড়দের প্রভাবিত করতে পারে। এখনই এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত না নেয়া হলে ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য খারাপ দৃষ্টান্ত থেকে যাবে। আসন্ন সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্যারিবীয় সফর সামনে রেখে ১লা জুলাই থেকে অনুশীলন শুরু করেছেন মুশফিক-মাশরাফি-মাহমুদউল্লাহরা।