বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৩

চীনের দিকে ফিলিপাইন ঝুঁকায় যুক্তরাষ্ট্রের বাড়ছে উদ্ধেগ

চীনের দিকে ফিলিপাইন ঝুঁকায় যুক্তরাষ্ট্রের বাড়ছে উদ্ধেগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতি ফিলিপাইনি প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের শত্রুভাবাপন্ন বাগাড়ম্বর উত্তরোত্তর বেড়েই চলেছে।এতে উদ্ধেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের। খবর রয়টার্সের।

আরও বড় কথা, চীনের সঙ্গে ক্রমেই সম্পর্ক উষ্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এই মিত্রদেশটির। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট দুতের্তে।

জিনপিং-এর সামনেই তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু সামরিক সম্পর্ক নয়, অর্থনৈতিক সম্পর্কও কাটছাঁট করবে ফিলিপাইন। এটি যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি চপেটাঘাত। কিন্তু এত কিছুর পরও ফিলিপাইনকে বাগে আনতে খুব বেশি কিছু করার নেই যুক্তরাষ্ট্রের।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বারাক ওবামার হাতে ভালো বিকল্প খুব কম। এছাড়া দেশটির ওপর আমেরিকার দরকষাকষির ক্ষমতাও সীমিত।

কয়েক মাস ধরে আমেরিকার বিরুদ্ধে ক্রমাগত উল্টোপাল্টা মন্তব্য করে আসছেন দুতের্তে। এমনকি অশ্লীল গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে। যার দরুন দুতের্তের সঙ্গে সাক্ষাৎ বাতিল হয়ে যায় ওবামার। এতদিন ধরে তার এসব উক্তি নিয়ে তেমন গুরুত্ব দেখায়নি আমেরিকা।

কিন্তু বৃহস্পতিবার দু’ দেশের সম্পর্কের উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে যান দুতের্তে। তিনি এদিন দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের ‘বিচ্ছেদ’ ঘোষণা করেন। শুধু তা-ই নয়। ফিলিপাইনি প্রেসিডেন্ট বলেন, চীনের সম্পর্ক গাঢ় করবে তার দেশ। বাদ যাবে না রাশিয়াও। আর এ দু’ টি দেশই আমেরিকার সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী।

মার্কিন নির্বাচনের তিন সপ্তাহও বাকি নেই। তাই দুতের্তের নতুন এই মন্তব্য দু’ দেশের সাত দশক দীর্ঘ সম্পর্কে সংশয়ের জন্ম দিয়েছে। চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে এশিয়ার দিকে নজর দেওয়ার কথা বলেছিলেন বারাক ওবামা। কিন্তু ফিলিপাইনের এমন সিদ্ধান্ত ওবামার এ নীতিকে আরও খর্ব করবে।

দু’ দেশের মধ্যে ‘এনহান্সড ডিফেন্স কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট’ এখন হুমকিতে পড়েছে। দুতের্তের পূর্বসূরির আমলে স্বাক্ষরিত এ চুক্তির অধীনে ফিলিপাইনের পাঁচটি ঘাঁটিতে জাহাজ, এয়ারক্রাফট ও সেনা সদস্যদের রাখার অনুমতি পেয়েছিল আমেরিকা। চীনের দোরগোড়ায় মার্কিন সামরিক শক্তিমত্তার উপস্থিতি নিশ্চিতে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভাবা হয়।

দুতের্তের ক্ষেপাটে আচরণের কারণে এতদিন সতর্ক ছিল মার্কিন প্রশাসন। এমন কোন মন্তব্য আমেরিকা করেনি যা দুতের্তেকে আরও ক্ষিপ্ত করে তুলবে। যদিও তার রক্তক্ষয়ী মাদকবিরোধী যুদ্ধ নিয়ে নিন্দা জ্ঞাপন করে আসছে মার্কিন প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলো। কিন্তু অনেক কর্মকর্তা এই নরম নীতির সঙ্গে একমত নন।

এক মার্কিন কর্মকর্তা বলেন, মানবাধিকার ইস্যুতে দুতের্তের সরকারের কতটুকু সমালোচনা করা যাবে, তা নিয়ে কয়েক মাস ধরে হোয়াইট হাউজের অন্দরমহলে বিতর্ক হচ্ছে। যেভাবে মাপা কথা বলছে প্রশাসন, তা অনেক কর্মকর্তার পছন্দ নয়।

দুতের্তের মাদকবিরোধী অভিযানে কয়েক মাসের মধ্যে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র প্রশ্ন তোলা মাত্রই রেগে গিয়েছিলেন দুতের্তে। এমনকি ওবামাকে ‘বেশ্যার পুত্র’ বলে গালি দেন তিনি।

সেন্টার ফর স্ট্রেটজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দক্ষিণ পূর্ব এশিয়া প্রোগ্রামের উপ পরিচালক মুরে হেইবার্ট মনে করেন, ক্রমাগত দুতের্তের সমালোচনা করাটা হয়তো আমেরিকার জন্য অতটা কার্যকরী নয়।

ওয়াশিংটনে অনেকে সন্দেহ করছেন, দুতের্তে আমেরিকার বিরুদ্ধে চলে যেতে পারেন, যদি তার মনে হয় এতেই তার স্বার্থ হাসিল হবে। আরেক মার্কিন কর্মকর্তা বলেন, এতে কোন সন্দেহ নেই যে, দুতের্তে আমাদেরকে চীনের বিপক্ষে দাঁড় করিয়ে স্বার্থ উদ্ধার করার খুব গতানুগতিক খেলাটা খেলার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, দুতের্তের ‘আলাদা হয়ে যাওয়া’র ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের কাছে ব্যাখ্যা চাইবে। তবে দুতের্তের ওই মন্তব্য নিয়ে কিরবির স্বর ছিল নরম। শুধু বলেছেন, এ মন্তব্য ‘হতবিহবলকর’ এবং ওয়াশিংটন ও ম্যানিলার ঘনিষ্ঠ মিত্রতার সঙ্গে যায় না।

দুতের্তের মনোভাব আগাম অনুমান করা কঠিন। এ নিয়ে মার্কিনিরা উদ্বিগ্ন। তবে তারা বলছেন, তার ওই মন্তব্য সত্ত্বেও ফিলিপাইন এখনও যৌথ সামরিক মহড়া স্থগিত করেনি বা দু’ দেশের নিরাপত্তা সম্পর্কে বড় ধরণের পরিবর্তন আনার ব্যাপারে আনুষ্ঠানিক অনুরোধও করেনি।

এদিকে দু’ দেশের সম্পর্ক যখন আরও তিক্ত হয়ে উঠছে, তখন এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল রাসেল এ সপ্তাহান্তে ম্যানিলা সফরে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ সফরের পরিকল্পনা আগেই হয়েছিল। তিনি দুতের্তের মন্তব্যের ব্যাখ্যা চাইবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ধারণা করা হচ্ছে, মানবাধিকার নিয়ে মার্কিন উদ্বেগের প্রতিক্রিয়া যদি আরও কড়াভাবে দেখায় ফিলিপাইন, তাহলে দেশটির প্রতি সামরিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র। অথবা মাদক সংক্রান্ত হত্যাকা- বন্ধ বা আরও যত্নবান বিচারিক প্রক্রিয়া অনুসরণের শর্ত বেঁধে দেওয়া হতে পারে।

তবে ফিলিপাইনি কর্মকর্তারা ইঙ্গিত দিচ্ছেন, মার্কিন সহায়তা ছাড়াও টিকে থাকতে পারবে তাদের দেশ। চীন ও রাশিয়ার প্রতি দেশটির ঝুঁকে যাওয়া থেকেও ইঙ্গিত মিলছে ফিলিপাইন এখন অন্যত্র সহায়তা খুঁজছে।

দেশটির বাণিজ্য মন্ত্রী র্যামন লোপেজ বলেছেন, দুতের্তের চীন সফরে সাড়ে ১৩০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর হবে। তবে এর কত পরিমাণ চূড়ান্ত চুক্তিতে থাকবে, তা স্পষ্ট নয়। হোয়াইট হাউজ জানিয়েছে, ফিলিপাইনে সরাসরি মার্কিন বিনিয়োগ রয়েছে ৪৭০ কোটি ডলার।

ডেমোক্রেটিক সিনেটর প্যাট্রিক লিহি সহ মার্কিন কংগ্রেস সদস্যরা ইঙ্গিত দিয়েছেন যে, হত্যাকা- অব্যাহত থাকলে ফিলিপাইনকে দেওয়া মার্কিন সহায়তার শর্ত পুনর্বিবেচনা করবেন তারা।

দক্ষিণ চীন সাগরের বিস্তৃত এলাকা যেভাবে চীন দাবি করছে, তার পাল্টা হিসেবে মিত্রদেশগুলোকে সংহত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে গত দুই বছরে ফিলিপাইনকে অতিরিক্ত সামরিক সহায়তা হিসেবে কোটি কোটি ডলার দিয়েছে দেশটি।

ফিলিপাইনের মানবাধিকার ইস্যুতে আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে যারা, তাদের একজন হলেন ওবামার অধীনে পূর্ব এশিয়া সম্পর্কিত সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল। হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি প্রশাসনে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

ক্যাম্পবেল বলেন, ফিলিপাইনে যা ঘটছে তা আরও বড় প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিতে শুরু করেছে। আমরা এগুলো উপেক্ষা করবো এবং নীরবে আমাদের সামরিক ও কৌশলগত কর্মকান্ড বজায় রাখবো আমি মনে করি এমন ধারণা কঠিন বলে প্রতীয়মান হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026