শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১

মিশিগানে ভোট পুনঃগণনার আবেদন

মিশিগানে ভোট পুনঃগণনার আবেদন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উইসকনসিনের পর এবার মিশিগান। এ রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নতুন করে গণনার আবেদন করেছেন গ্রিন পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী জিল স্টেইন।

এরপরই তিনি এক বিবৃতিতে বলেছেন, মিশিগানের মানুষ ও আমেরিকার সব নাগরিক আমাদের ভোট ব্যবস্থায় পূর্ণ আস্থা রাখতে চায়। সে জন্যই এ আবেদন।

ওদিকে উইসকনসিনে এর আগে তিনি আবেদন করার পর সেখানে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনকে অবশ্যই ১৯শে ডিসেম্বরের আগে গণনা শেষ করতে হবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন এক্সপ্রেস।

এতে বলা হয়েছে, উইসকনসিন, মিশিগান ও পেনসিলভ্যানিয়াতে ভোট নতুন করে গণনার জন্য জিল স্টেইনকে পরিশোধ করতে হবে ৯ লাখ ৭৩ হাজার ২৫০ ডলার। এর মধ্যে তিনি ৫২ লাখ ডলারেরও বেশি সংগ্রহ করতে পেরেছেন। তা থেকে অর্থ খরচ করে উইসকনসিন ও মিশিগানে আবেদন করেছেন। তার এ উদ্যোগে সমর্থন দিয়েছে হিলারি ক্লিনটন টিম।

তবে জিল স্টেইনের এ উদ্যোগের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, এই ভোট গণনা শুধু জিল স্টেইনের জন্য। তিনি নির্বাচনে মোট ভোটের শতকরা এক ভাগেরও কম ভোট পেয়েছেন। এমনকি অনেক রাজ্যের ব্যালটে তিনি ছিলেনই না। তিনি এখন অর্থ ভান্ডারের মালিক হওয়ার চেষ্টা করছেন। এ অর্থ তিনি কখনো হাস্যকর এই ভোট গণনায় ব্যবহার করবেন না। নির্বাচনের ফল চ্যালেঞ্জ না করে ও অবমাননা না করে তা শ্রদ্ধার সঙ্গে মেনে নেয়া উচিত।

ওদিকে মিশিগানে ভোট নতুন করে গণনার আবেদন করার পর জিল স্টেইন তার বিবৃতিতে বলেছেন, এবারের নির্বাচনে পুরনো আমলের ও বিশ্বাস স্থাপন করা যায় না এমন মেশিন ব্যবহার করা হয়েছে। অনিয়মের অভিযোগ আছে।

তাই সব রাজনৈতিক মহল থেকে জানতে চাওয়া হচ্ছে আমাদের নির্বাচলের ফল কি বিশ্বাসযোগ্য কিনা। এসব কিছু আমাদের নির্বাচনকে কলঙ্কিত করেছে।

তাই আমাদেরকে অবশ্যই ভোট নতুন করে গণনা করতে হবে, যাতে আমরা নির্বাচনী ব্যবস্থায় আস্থা স্থাপন করতে পারি। মিশিগানের মানুষ ভোটের ওপর আস্থা রাখতে চান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026