শীর্ষবিন্দু নিউজ: আগামী বছর থেকেই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় সরাসরি বিমান চলাচলের আশাবাদ প্রকাশ করেছেন বিমানমন্ত্রী ফারুক খান। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কানাডার সঙ্গে মুক্ত আকাশ বিমান চলাচল বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের কথা জানান।
চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশের বিমান বন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসবে। তারা ইতিবাচক সিদ্ধান্ত জানালে ফ্লাইট শুরু করতে আর কোনো বাধা থাকবে না বলে জানান মন্ত্রী। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কানাডায় গিয়ে তাদের সঙ্গে একই বিষয়ে চূড়ান্ত চুক্তি করবে।
বিমানমন্ত্রী জানান, ওই চুক্তির ফলে কানাডার সঙ্গে বিমান চলাচল উন্মুক্ত হবে। সপ্তাহে তিন দিন তিনটি যাত্রীবাহী বিমান এবং তিনটি কার্গো বিমান কানাডায় চলাচল করবে। আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বহরে যুক্ত হবে নতুন দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।
এভিয়েশন সিকিউরিটি ফোর্স গঠনের পরিকল্পনা জানিয়ে ফারুক খান বলেন, রাডার সিস্টেমকেও উন্নত করা হচ্ছে। এছাড়া আগামী বছরের শুরুতে দুটি বোয়িং উড়োজাহাজ পেলেই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি বিমান চলাচল শুরু হবে বলেন তিনি। পাইলটদের জন্য সিভিল এভিয়েশন ক্লাবের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া একটি এভিয়েশন কলেজ অথবা বিশ্ববিদ্যালয় করা হবে, বলেন বিমানমন্ত্রী। আগামী ১০ বছরে পৃথিবীতে ১০ লাখ পাইলটের প্রয়োজন হবে- এই তথ্য তুলে ধরে বাংলাদেশে পাইলটের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
এর আগে গত ১৭ অগাস্ট ওয়াশিংটনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপেন ফ্লাই এগ্রিমেন্ট সই হয়। তবে ২০০৬ সাল থেকে বন্ধ থাকা নিউ ইয়র্ক রুটে পুনরায় ফ্লাইট চালু করতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।
‘
Leave a Reply