শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি ব্যাঙ্গচিত্র প্রকাশ করেছে জার্মান সাপ্তাহিক ম্যাগাজিন দার স্পাইজেল। এর প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে তা।
তাতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির কর্তিত মস্তক হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। লিবার্টির কর্তিত মস্তক থেকে রক্ত ঝরছে। তা একহাতে উঁচু করে ধরেছেন ট্রাম্প।
অন্য হাতে রক্তাক্ত চাকু। নিচের দিকে লেখা রয়েছে আমেরিকা ফার্স্ট। এমন ব্যাঙ্গচিত্র নিয়ে যেমন জার্মানিতে তেমনি বহির্বিশ্বে শুরু হয়েছে বিতর্ক। এ ব্যঙ্গচিত্রের ডিজাইনার চিত্রশিল্পী এডেল রড্রিগুয়েজ। তিনি কিউবার একজন নাগরিক।
ওয়াশিংটন পোস্ট বলেছে, তিনি ১৯৮০র দশকে রাজনৈতিক শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
তিনি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, এটা (ট্রাম্পের কর্মকান্ড) হলো গণতন্ত্রের শিরশ্চেদ। পবিত্র প্রতীকের শিরশ্চেদ। এডেলের করা ওই প্রচ্ছদ নিয়ে টুইটারে ঝড় উঠেছে। সমালোচনা হচ্ছে জার্মানি ও আন্তর্জাতিক মিডিয়ায়। জার্মানির ফ্রি ডেমোক্রেট দলের সদস্য ও ইউরোপিয়ান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সান্দার গ্রাফ ল্যাম্বডর্ফ এ ঘটনাকে নিঃরস হিসেবে আখ্যায়িত করেছেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা বার্লিনের নীতি নিয়ে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক কথা বলে যাচ্ছেন। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির সম্পর্কের দ্রুত অবনতি হয়েছে।
এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইউরোপ নীতিতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলকে ব্যতিক্রমধর্মী অংশীদার হিসেবে আখ্যায়িত করেছিলেন ওবামা।
কিন্তু গত মাসে অ্যাঙ্গেলা মারকেলের কড়া সমালোচনা করেন বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি মার্কেলের অভিবাসীদের জন্য দরজা উন্মুক্ত করে দেয়ার নীতিকে ভয়াবহ এক ভুল বলে আখ্যায়িত করেন।