শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আমেরিকা কোনো ধোয়া তুলসি পাতা নয়। অনেকটা এমন মন্তব্যই করেছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের বিল ও রেইলিকে দেয়া সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি আরো বলেন, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তার সম্মান রয়েছে।
প্র
ত্যুত্তরে ও রেইলি বলেন, কিন্তু সে তো একজন খুনি। ও রেইলির করা মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, আমাদের দেশেও অনেক খুনি আছে। আপনি কি মনে করেন, আমাদের দেশ ধোয়া তুলসি পাতা, বিবিসি’র এক খবরে বলা হয়, ফ্লোরিডায় ট্রাম্পের ম্যানসনে এ সাক্ষাৎকার নেয়া হয়।
পুরো সাক্ষাৎকার এখনো প্রচারিত হয়নি। তবে সাক্ষাৎকারের অংশবিশেষ ফক্স টিভি প্রচার করেছে। নির্বাচনী প্রচারাভিযানকালে বারবার পুতিনের প্রতি নিজের অনুরাগের কথা বলতে কুণ্ঠা বোধ করেননি ট্রাম্প। সাক্ষাৎকারে ওই প্রসঙ্গ ও রেইলি আবার তুলেন। তিনি জিজ্ঞেস করেন, আপনি কি পুতিনকে সম্মান করেন? জবাবে তিনি বলেন, আমি ওনাকে সম্মান করি। আমি আরো অনেককেই সম্মান করি। তার মানে এই নয় যে, আমি তার (পুতিন) সঙ্গে মিলেমিশে কাজ করবো।
তবে তিনি এ-ও বলেন যে, আমি মনে করি, রাশিয়ার সঙ্গে মিলে কাজ করাটাই আমাদের জন্য বেশি ভালো। আর রাশিয়া যদি আইএসএস ও বিশ্বজুড়ে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে সহায়তা করে তাহলে সেটি একটি ভালো জিনিস। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি লড়াই।
আমি কি তাদের সঙ্গে মিলেমিশে কাজ করবো? আমি জানি না। রোববার এই দুই নেতা ফোনে আলাপ করেন। এ সময় তারা নিয়মিত যোগাযোগের মধ্যে থাকার ইচ্ছা প্রকাশ করেন। তবে এখনো তাদের মধ্যে কোনো সাক্ষাতের তারিখ ঠিক করা হয়নি।
সাক্ষাৎকারে ট্রাম্পকে তার প্রমাণবিহীন দাবি করার বিষয়েও প্রশ্ন করা হয়। ট্রাম্প গত নির্বাচনে ভোট প্রদান নিয়ে দাবি করেন যে, লাখ লাখ মানুষ অবৈধ উপায়ে ভোট দিয়েছে। কিন্তু তার এই দাবির পেছনে তথ্য-প্রমাণের ভিত্তি ছিল না। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেকেই কিন্তু এখন সরব হয়েছে এবং বলছে যে, আমিই সঠিক। আপনি এটা জানেন।