সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৩৫

ফেইসবুকের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার

ফেইসবুকের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার

 

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকের কাছে ১২ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে পাওয়া এ ধরনের অনুরোধ নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকার কাদের সম্পর্কে তথ্য চেয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি গ্লোবাল গভার্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট শীর্ষক ওই প্রতিবেদনে।

চলতি বছরের প্রথম ছয় মাসে ফেইসবুকের কাছে সবচেয়ে বেশি, প্রায় ২১ হাজার জনের তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র, যার ৭৯ শতাংশ পূরণ করেছে ফেইসবুক। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তাদের ৪ হাজার ১৪৪ জনের তথ্য চাওয়ার আবেদন ৫০ শতাংশ পূরণ করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্য ২ হাজার ৩৩৭ জন, ইটালি ২ হাজার ৩০৬ জন, জার্মানি ২ হাজার ৬৮ জনের তথ্য চেয়েছে।

ফেইসবুক কর্তৃপক্ষে বলছে, তারা বিভিন্ন সরকারের কাছ থেকে তথ্য চেয়ে করা প্রতিটি অনুরোধ আলাদাভাবে পরীক্ষা করে দেখেছে এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে দেশগুলোর আইনি বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নিয়েছে।

প্রতিবেদনে দেয়া তালিকায় দেখা যায়, একটি অনুরোধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১২ জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হলেও তারা সরকারকে কোনো তথ্য দেয়নি। অবশ্য যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানিসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে ৩৮ হাজার ফেইসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে করা অনুরোধ ৮০ শতাংশ ক্ষেত্রে পূরণ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফেইসবুকের আইনজীবী কলিন স্ট্রেচ মঙ্গলবার বলেন, অনেক অনুরোধের ক্ষেত্রে আমরা লড়াই করেছি। আইনি দুর্বলতাগুলো খতিয়ে দেখে অনেক অনুরোধ ফিরিয়ে দিয়েছি। আর যেসব তথ্য আমাদের দিতে হয়েছে সেসব ক্ষেত্রে আমরা কেবল ব্যবহারকারীর সাধারণ তথ্যগুলোই দেয়ার চেষ্টা করেছি। এখন থেকে ফেইসবুক নিয়মিত এ ধরনের প্রতিবেদন প্রকাশ করবে বলে জানান তিনি। অবশ্য গুগল, টুইটারসহ আরো কিছু কোম্পানি আগে থেকেই এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে আসছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মী এডোয়ার্ড স্নোডেন ফেইসবুক, গুগল, মাইক্রোসফটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যের ওপর সরকারের গভীর নজরদারির বিষয়টি ফাঁস করে দেয়ার পর প্রথমবারের মতো এই প্রতিবেদন প্রকাশ করল ফেইসবুক। সারা বিশ্বে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিরও বেশি। ফেইসবুকে দেয়া তথ্য, ছবি ও মন্তব্যের কারণে গত এক বছরে বাংলাদেশে বেশ কয়েকটি বড় ঘটনা ঘটেছে, যাতে বিশ্ব গণমাধমের শিরোনামে এসেছে বাংলাদেশ। বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটকে ব্যবহার করা হয়েছে বিদ্বেষ ছড়ানোর কাজে।

গত বছর ২৯ সেপ্টেম্বর ফেইসবুকে একটি ভুয়া ছবি ছড়িয়ে কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলার বৌদ্ধ বসতিতে ব্যাপক সাম্প্রদায়িক তাণ্ডব চালানো হয়। একই রকম আরেকটি চেষ্টা হয় সিলেটে। রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলাম নামের একটি উগ্রপন্থী সংগঠনের সহিংস আন্দোলন থামাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়েও ফেইসবুকে বিকৃত তথ্য ও ছবি প্রচার করে উস্কানি দেয়া হয় বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এছাড়া ধর্মীয় উস্কানিমূলক পোস্টের জন্য জামায়াতপন্থী কয়েকটি ফেইসবুক গ্রুপের পৃষ্ঠা বাংলাদেশ থেকে দেখা না যাওয়ার ব্যবস্থা করে নিয়ন্ত্রক সংস্থা।

ফেইসবুক পোস্টে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বুয়েটের এক শিক্ষককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই ধরনের অভিযোগে আদালতের তলবে হাজির না হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আপত্তিকর প্রচারণার অভিযোগে বাংলাদেশে কয়েক দিন ফেইসবুক বন্ধও রাখা হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি তথ্যপ্রযুক্তি আইন সংশোধন করে সাজার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ আইনের মামলায় আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা।  এছাড়া ইন্টারনেট ব্যবস্থায় নজরদারির জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোতে বিশেষ প্রযুক্তি বসানোর উদ্যোগ নেয়া হয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026