শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারত। নিরাপত্তা ও প্রতিরক্ষা গোয়েন্দা পর্যবেক্ষণে জিএসএটি-সেভেন নামের উপগ্রহটি ব্যবহৃত হবে বলে জানিয়েছেন এক ভারতীয় কর্মকর্তা। শুক্রবার ভোরে দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গিয়ানা থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
জিএসএটি-সেভেন ভারতীয় নৌবাহিনীর গোয়েন্দা পর্যবেক্ষণের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করছে আইএসআরও। ভারতের মহাশূন্য গবেষণা সংস্থা’র (আইএসআরও) তত্ত্বাবধানে গিয়ানার কৌরৌ মহাশূন্য বন্দর থেকে অত্যাধুনিক বহুমুখী এই যোগাযোগ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। আগামী সপ্তাহে একটি জিওস্টেশনারি (নির্দিষ্ট ভূমি সাপেক্ষে স্থির) উপগ্রহ হিসেবে জিএসএটি-সেভেনকে স্থাপন করে এর কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে আইএসআরও।
আইএসআরও এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন বলেছেন, নিরাপত্তা ও গোয়েন্দা পর্যবেক্ষণের দিক বিবেচনায় উপগ্রহটি গুরুত্বপূর্ণ। জিএসএটি-সেভেন এর উৎক্ষেপণ ভারতীয় রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনে সরাসরি সম্প্রচার করা হয়। ভারতের কয়েক ডজন যোগাযোগ ও আবহাওয়া উপগ্রহ মহাকাশের কক্ষপথে আছে। হাজার হাজার কোটি টাকার মহাশূন্য বাজারে ভারত প্রভাবশালী এক প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগামীতে মঙ্গলগ্রহে মনুষ্যবিহীন অভিযানের ঘোষণা দিয়েছে দেশটি।
Leave a Reply