শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগা আর নেই। ১৯৯১ সালে মাদক ব্যবসায় জড়িত থাকায় অভিযুক্ত হন নরিয়েগা। যুক্তরাষ্ট্রের আদালতে তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়েছিল এবং তিনিই ছিলেন প্রথম কোন বিদেশী রাষ্ট্রপ্রধান যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এ অভিযোগ গঠন করেছিল।
এ খবর দিয়ে অনলাইন সিএনএন বলেছে, নরিয়েগা মধ্য আমেরিকায় ছিলেন সবচেয়ে কুখ্যাত সামরিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে টুইট করেছেন পানামার প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভারেলা।
উল্লেখ্য, নরিয়েগার মাথায় টিউমার ছিল। গত ৭ই মে পানামা সিটি হাসপাতালে তা অপসারণে অপারেশন হয় তার। অপারেশনের সময়ে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়।
এতে তিনি কোমায় চলে যান। তবে তিনি কবে, কোন সময়ে মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয় নি। পানামা খালের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক সময় তার ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু আস্তে আস্তে সেই সম্পর্ক অবনতি হতে থাকে। ১৯৮৯ সালে পানামায় আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র।
১৯৯১ সালে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত হন নরিয়েগা। ফ্রান্সে পাঠিয়ে দেয়ার আগে তাকে প্রায় ২০ বছর জেল খাটতে হয় যুক্তরাষ্ট্রে। ফ্রান্স থেকে তিনি পানামা ফেরেন। নরিয়েগার জন্য ১৯৩৪ সালের ১১ই ফেব্রুয়ারি পানামা সিটিতে। ৫ বছর বয়সে তাকে ফেলে যান তার পিতামাতা। তাকে বড় করে তোলেন এক নিকট আত্মীয়।
এরপর তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পানামা ন্যাশনাল গার্ডে একজন লেফটেন্যান্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন নরিয়েগা। দ্রুত তার পদোন্নতি ঘটে। জেনারেল ওমর তোরিজোসের অধীনে সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬৮ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন জেনারেল ওমর। তিনি ১৯৮১ সালে এক বিমান দুর্ঘটনায় মারা যান। তার উত্তরসুরি হিসেবে আবির্ভাব ঘটে নরিয়েগার। ১৯৮৩ সালে তিনি পানামা সেনাবাহিনীর কমান্ডের দায়িত্ব নেন এবং নিজেকে পানামার নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।