বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান ও রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্টুরের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। এরই মধ্যে একাধিকবার তারা সংবাদের শিরোনাম হয়েছেন।
এ
সব নিয়ে একবার সংবাদমাধ্যমে নিজের ক্ষোভও প্রকাশ করেছেন সালমান। তাতে কী! আলোচনা তো আর থেমে থাকেনি কখনোই। প্রায়ই সালমান-লুলিয়াকে নিয়ে নতুন নতুন গুঞ্জন শোনা গেছে। এমনকি গেল বছর তাদের বাগদান হওয়ার খবরও ফলাও করে প্রকাশ করেছে গণমাধ্যম।
সালমানের ক্ষোভের পর কিছুদিন সেসব গসিপ বন্ধ ছিল। সে সঙ্গে ৫১ বছর বয়সী এই অভিনেতাও লুলিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ কমিয়ে দিয়েছিলেন। প্রেমিকাকে নিয়ে যত্রতত্র কোথাও যেতেনও না।
সর্বশেষ কিছুদিন আগে জানা যায়, প্রেমিককে দেখার জন্য টিউব লাইট ছবির শুটিং সেটে গিয়ে হাজির হয়েছিলেন লুলিয়া।
তবে এবার আর কোনো শুটিং লোকেশনে নয়। একেবারে পারিবারিক এক পার্টিতে উপস্থিত হলেন এ সুন্দরী। সম্প্রতি সালমানেরই ভাই সোহেল খান আয়োজন করেছিলেন এ পার্টির। সেখানে প্রেমিককে কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন লুলিয়া। প্রায় অনেক দিন পরই দেখা হলো দুজনার।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সালমান-লুলিয়া পরস্পরকে কাছে পেয়ে বেশ কিছুটা সময় আলাদাভাবে গল্প করেন। দুজনের এই আলাপন নতুন জল্পনাকেই উস্কে দিয়েছে বলে মনে করছেন অনেকে।
কেউ কেউ বলছেন, সালমান খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন লুলিয়াকে। এ ব্যাপারে পারিবারিকভাবে সব সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে বলেও শোনা যাচ্ছে।