শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের মহিয়সী নারী শিক্ষা আন্দোলনের কর্মী ও কিশোরী মালালা ইউসুফজাইয়ের সাহসিকতা ও গুণমুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে (বাকিংহাম প্যালেস) আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। রানীর এই আমন্ত্রণের খবর শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হিসেবে মালালার নাম ঘোষণার জল্পনাকেই বাড়িয়ে দিয়েছে। এ সপ্তাহের শেষ দিকে শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করার কথা।
বর্তমানে যুক্তরাজ্যের একটি স্কুলে পড়াশোনা করছেন মালালা। তার বাবা ইউসুফজাই দেশটির হাইকমিশনে শিক্ষা বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তালেবানদের গুলিতে আহত হওয়ার পর মালালাকে গতবছরই শান্তিতে নোবেল দেওয়ার জোর দাবি ওঠে। তবে সেবার এই সম্মানজনক পুরস্কার না পেলেও জাতিসংঘ কর্তৃক সাহসী কন্যার খেতাব প্রাপ্ত মালালা এ বছরই নোবেলজয়ী খেতাব পেয়ে যেতে পারেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম সানডে টাইমস জানিয়েছে, মালালার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে দাওয়াত গ্রহণ করার জন্য জন্য যুক্তরাজ্যে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার বাবদ আমন্ত্রণপত্র পাঠিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। নারী শিক্ষার পক্ষে সাহসী বক্তব্য রেখে গত বছরের অক্টোবরে তালেবানদের গুলিতে মারাত্মক আহত হন মালালা। পাকিস্তানে প্রাথমিক চিকিৎসা শেষে সরকারি উদ্যোগে যুক্তরাজ্যের বার্মিংহামের রানী এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় মালালাকে। কয়েকমাস আগে অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসা শেষে সেরে ওঠেন তিনি।