সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০

পুতিনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ ট্রাম্পের

পুতিনকে হোয়াইট হাউজে আমন্ত্রণ ট্রাম্পের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স টুইটারে এ আমন্ত্রণের বিষয়টি জানিয়েছেন বলে খবর বিবিসির। দুই বছর আগের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ও যুক্তরাজ্যে বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়ে পক্ষত্যাগী রুশ গুপ্তচরকে ‘হত্যাচেষ্টার’ ঘটনা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে।

এর মধ্যেই চলতি সপ্তাহের শুরুর দিকে ফিনল্যান্ডের হেলসিংকিতে রুশ ও মার্কিন প্রেসিডেন্ট একান্তে বৈঠক করেন। ওই ধারাবাহিকতাতেই পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের। রুশ প্রেসিডেন্টের সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানিয়েছেন স্যান্ডার্স।

ট্রাম্প-পুতিনের দ্বিতীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে ক্রেমলিন এখনো কিছু না জানালেও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস বলেছেন, এটা বিশেষ কিছু হতে চলেছে।

কলোরাডোতে চলা আস্পেন নিরাপত্তা সম্মেলনে পুতিনকে দেওয়া ট্রাম্পের আমন্ত্রণের খবর পেয়ে কোটসকে বিস্মিত হতে দেখা গেছে। হেলসিংকির বৈঠকে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনও জানেন বলেও দাবি করেছেন এ গোয়েন্দা পরিচালক।

সোমবারের ওই বৈঠকে ট্রাম্প ও পুতিনের সঙ্গে কেবল তাদের অনুবাদকরাই উপস্থিত ছিলেন। দুই ঘণ্টার ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা না গেলেও বৃহস্পতিবার ট্রাম্প হেলসিংকির বৈঠককে বিরাট সাফল্য হিসেবে অ্যাখ্যায়িত করেছেন। পুতিনের সঙ্গে পরবর্তী বৈঠকের দিকে তাকিয়ে আছেন বলেও জানান এ মার্কিন প্রেসিডেন্ট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026