শীর্ষবিন্দু নিউজ: এক তরফা নির্বাচন করতেই সরকার বিএনপির এই তিন নেতাকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিঞাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করার পর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন।
শীর্ষবিন্দু নিউজ: দলের সিনিয়র তিন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার রাত ১০টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, কী কারণে তিন নেতাকে গ্রেপ্তার করা হলো, আমরা কিছু বুঝতে পারছি না।পতনের আগে সরকার মরণ কামড় দিতে চায়। তারা সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন শুরু করেছে। কিন্তু এসব করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
তিন নেতাকে অচিরেই মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, আগামী তিন দিন ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি রয়েছে।যদি গ্রেপ্তার তিন নেতাকে মুক্তি না দেওয়া হয় তাহলে এই কর্মসূচি আরও দীর্ঘায়িত ও কঠোর হবে। হরতালে সারা দেশে নেতা-কর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়ে রিজভী বলেন, স্বৈরাচারের পতন অবশ্যাম্ভাবী।ঘাটে-বন্দরে যেখানেই সরকারের অনুচরদের পাওয়া যাবে সেখানেই তাদের ঘেরাওয়ের আহ্বান জানান তিনি।
সংবাদ ব্রিফিংয়ে তিনি আরো বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের অংশ হিসেবেই দলের বর্ষীয়ান নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। র্যাব পুলিশ দিয়ে দলীয় কার্যালয় ঘেরাও করে রাখা হয়েছে। তবে র্যাব পুলিশ দিয়ে সরকার পতন ঠেকাতে পারবে না। তিনি বলেন, আর কোন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হলে সরকারকে ঘেরাও করা হবে। ৭২ ঘণ্টার হরতাল আরও তীব্র থেকে তীব্রতর করা হবে। গুলি করে ইয়াহিয়ার সরকারও ঠিকতে পারেনি। জনগণের শক্তির কাছে হাসিনার সরকারও ঠিকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।