খুলনায় এক মিনিটের ব্যবধানে মো. রোকনুজ্জামান (৩৬) নামের এক ব্যক্তিকে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে খুলনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
এর আগে গত ৭ আগস্ট গণটিকার পরীক্ষামূলক কার্যক্রমের দিন এক বৃদ্ধাকে একই সময়ে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ ওঠে। টিকা গ্রহণকারী রোকনুজ্জামান কয়রা উপজেলার বাসিন্দা। তবে বর্তমানে খুলনা সদরের দক্ষিণ টুটপাড়ায় বসবাস করছেন।
তিনি বলেন, দুপুরে টিকা নিতে হাসপাতালের টিকা কক্ষে ঢুকে চেয়ারে বসি। এ অবস্থায় একজন নার্স এসে প্রেশার আছে কি-না জানতে চেয়ে টিকা দেন। এরপরই আরেকজন নার্স এসে আমাকে কিছু জিজ্ঞাসা না করেই আবার টিকা দেন। এক মিনিটের মধ্যেই এ কাজ সম্পন্ন হয়।’ দুই ডোজ টিকা নেওয়ার পর শরীর দুর্বল লাগছে বলে জানান তিনি।
খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, নার্সরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এত এত কার্যক্রমের মাঝে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। ভুল হলে তা শোধরানোর পথও আছে। হাসপাতাল থেকে আমাকে জানায়নি কিছু। খোঁজ নিয়ে দেখছি ঘটনা কী হলো।
Leave a Reply