শীর্ষবিন্দু নিউজ: বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে অনুরোধ জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করে। সাক্ষাত্ শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ২০ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় এবং ১৮-দলীয় জোটের নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম নাজির আহমদ, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান প্রতিনিধি দলে ছিলেন।
বঙ্গভবনের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করি। চলমান রাজনৈতিক অবস্থা কী, সেটা আমরা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি। যেহেতু তিনি রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক, তাই তাঁকে সংলাপ ও সমঝোতার অনুরোধ করেছি। তিনি সংবিধানের মধ্যে থেকে তাঁর যে ক্ষমতা আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমরা সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছি। তিনি (রাষ্ট্রপতি) আমাদের বলেছেন, তিনি উদ্যোগ গ্রহণ করবেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, আলোচনার মধ্য দিয়ে এই সঙ্কট কেটে যাবে। নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে মতবিরোধের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন খালেদা জিয়া। এক ঘণ্টার বৈঠকের পর বেরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান। এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বঙ্গভবনে যান।
নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে দায়িত্ব পালনের জন্য নতুন আট মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথের পর সোমবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চান খালেদা। নির্দলীয় সরকার না হলে নির্বাচনে না যাওয়ার ঘোষণা রয়েছে বিএনপির। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সেই দাবি মেনে নিতে নারাজ হওয়ায় দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করা হচ্ছে।
[youtube id=”6vZkpcdP30w” width=”600″ height=”350″]