বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩০

এরশাদের সিদ্ধান্ত বদলে লাভবান হবে জাপা

এরশাদের সিদ্ধান্ত বদলে লাভবান হবে জাপা

শেখ সাবিহা আলম:  বিএনপি না এলে জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে যাবে না—এমন সিদ্ধান্ত থেকে সরে এসে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সঠিক কাজ করেছেন এবং তাঁর এই সিদ্ধান্ত পরিবর্তনে দলটি লাভবান হবে বলে মনে করছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাঁদের অনেকে মনে করছেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টির ক্ষতি হবে না বরং লাভ হবে অনেক বেশি। তবে বিএনপি নির্বাচনে না এলে জাপা লাভবান হবে— এমন মন্তব্য কেউ সরাসরি করতে চাননি। এ বিষয়ে তাঁরা তাঁদের নাম প্রকাশ না করার জন্য এই প্রতিবেদককে অনুরোধ জানিয়েছেন।

আজ বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের মনোনয়ন ফরম কিনতে আসা নেতা-কর্মীদের সঙ্গে এরশাদের সিদ্ধান্ত বদল নিয়ে এই প্রতিবেদকের কথা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূলের নেতা-কর্মীরা বলেছেন, এরশাদ যখন তাঁর অবস্থান পরিবর্তন করেন, তখন বেশিরভাগ নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। কিন্তু এরশাদ নেতা-কর্মীদের বোঝাতে সক্ষম হয়েছেন তিনি ‘পরিস্থিতির শিকার’ এবং নির্বাচনে না যাওয়ার কোনো সুযোগ তাঁর সামনে নেই।

মহানগরের একজন নেতা নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, দলের নেতাকর্মীরা বিশ্বাস করেন কোনো অবস্থাতেই বিএনপিকে নির্বাচনে আসতে দেবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রয়োজনে সেনাসমর্থিত সরকারের হাতে রাষ্ট্রক্ষমতা দিয়ে যেতে পারে; কিন্তু বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করবে না। ওই নেতা মনে করেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টি সংসদে অনেকগুলো আসন পাবে। যেসব ভোটার বিএনপিকে ভোট দিতেন তাঁরা জাতীয় পার্টিকে ভোট দেবেন। এতে আওয়ামী লীগের অনেক আসন জাতীয় পার্টির দখলে চলে যাবে।

মহানগর কমিটির সদস্য এম মহিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, তিনি জাতীয় পার্টি করেন শুনে যাঁরা হাসাহাসি করতেন তাঁরা আজকাল আর হাসছেন না। তাঁর ধারণা, ১৮ দলীয় জোটের অনেকেই দলছুট হয়ে তাঁদের সঙ্গে যোগ দিতে পারেন। ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, সংঘাত ঠেকাতে যা করা উচিত্ ছিল এরশাদ তাই করেছেন। এরশাদ বিশ্বাস করেন, তিনি নির্বাচনে গেলে প্রধান বিরোধী দলও নির্বাচনে অংশ নেবে। এতে করে রাজনৈতিক অস্থিরতা কমবে।

ঢাকা মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বেঙ্গল বলেন, ‘স্বীকার করতেই হবে জাতীয় পার্টির এরশাদ বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নইলে তিনি সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে খালেদা জিয়া রাষ্ট্রপতির সাক্ষাত্ চাইতেন না।’ মহানগর কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা প্রথম আলো ডটকমকে বলেন, ‘এরশাদ সাহেবের বিরুদ্ধে বেশ কিছু মামলা আছে। আজও তাঁকে আবুল মঞ্জুর হত্যা মামলায় হাজিরা দিতে হয়েছে। বিদেশী বন্ধুদের চাপ আছে। এ অবস্থায় তাঁর আর কী-ই বা করার ছিল?’

মনোনয়ন ফরম বিক্রির ক্ষেত্রে বিএনপি নির্বাচনে না আসার একটা প্রভাব পড়ছে বলে কেউ কেউ মন্তব্য করেছেন। আওয়ামী লীগের ‘শক্ত প্রার্থীর’ বিরুদ্ধে ফরম কিনেছেন রাজনীতিতে নবীন, বয়সে প্রবীন জাতীয় পার্টির নেতা মাওলানা মো. মাহতাবউদ্দীন। তিনি কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বিরুদ্ধে লড়বেন। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের স্ত্রী রত্না আমিন সংরক্ষিত আসনের সাংসদ ছিলেন। আজ বরিশাল ৬ আসনের জন্য ফরম কিনেছেন তিনি।

নেতাকর্মীরা মনে করছেন, শেষ পর্যন্ত নির্বাচনে যদি বিএনপি না আসে এবং ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা জাতীয় পার্টির নেতাদের কাছে পরাজিত হবেন।

সৌজন্য: প্রথম আলো




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026