পেট্রো ডলারের শক্তিশালী অর্থনীতির দেশ সৌদি আরবে এখন বিদেশি নাগরিকদের জন্য সম্পত্তির মালিকানা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। রক্ষণশীল অবস্থান থেকে সরে এসে বিদেশিদের মালিকানা দিতে নিজেদের রিয়েল এস্টেট আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে সৌদি সরকার।
মরুর দেশ সৌদি আরব। যেখানে একসময় বিদেশিদের জন্য সম্পত্তির মালিকানা ছিল প্রায় অসম্ভব। তবে, সময়ের সাথে বদলে গেছে পুরনো সেই বাস্তবতা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটি
নতুন নিয়মে বিদেশি ব্যক্তি, কোম্পানি এবং অলাভজনক সংস্থার জন্য নির্দিষ্ট শর্তে সম্পত্তি ক্রয়ের সুযোগ রাখা হয়েছে। তবে, প্রক্রিয়াটি পুরোপুরি ডিজিটাল।
নতুন নিয়ম অনুযায়ী, সম্পত্তি কিনতে হলে বিদেশিদের আগে অনুমোদিত সংস্থা থেকে ডিজিটাল আইডি নিতে হবে। খুলতে হবে নিজ নামে ব্যাংক অ্যাকাউন্ট, নিবন্ধন করতে হবে সৌদি মোবাইল নম্বর।
দেশটির প্রায় সর্বত্র সম্পত্তি কেনার সুযোগ থাকলেও, কিছু গুরুত্বপূর্ণ শহরের জন্য রয়েছে বাড়তি নিয়ম। রাজধানী রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনায় সম্পত্তি কিনতে অতিরিক্ত দুই শতাংশ ফি দিতে হবে। পবিত্র শহর মক্কা-মদিনায় রয়েছে ধর্মীয় বিধি-নিষেধও।
তবে বিদেশি কোম্পানির ক্ষেত্রে মালিকানার তথ্য প্রকাশ, একজন সৌদি প্রতিনিধি নিয়োগ এবং বড় কোনো পরিবর্তন হলে ১৫ দিনের মধ্যে তা জানানো বাধ্যতামূলক করা হয়েছে। আইন ভাঙলে শাস্তির বিধানও কঠোর।
ভূমি সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করলে সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত জরিমানা, যা এক কোটি রিয়াল পর্যন্ত হতে পারে। সব লেনদেন হবে অনুমোদিত ডিজিটাল পেমেন্টের মাধ্যমে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের দেশগুলোর মতো সৌদি আরবেও এখন সম্পত্তির মালিকানা এবং প্রিমিয়াম রেসিডেন্সির সুবিধা পাওয়ার পথ খুলছে বিদেশিদের জন্য। বৈদেশিক বিনিয়োগ বাড়ানো এবং রিয়েল এস্টেট খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে সৌদির কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগ কতটা সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।
Leave a Reply