মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেটের ১৯ আসনে তিনমন্ত্রীসহ নির্বাচিত ৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেটের ১৯ আসনে তিনমন্ত্রীসহ নির্বাচিত ৯

শীর্ষবিন্দু নিউজ: সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ৯টিতে একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই আগামী ৫ জানুয়ারি বাকি ১০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, যে যে আসনে একক প্রার্থী রয়েছেন, তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট-৩ আসনে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সিলেট-৫ আসনে জাপা নেতা সেলিম উদ্দিন, সিলেট-৬ আসনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি ও সুনামগঞ্জ-৪ আসনে জাপা নেতা পীর ফজলুর রহমান, মৌলভীবাজার-১ আসনে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ নেতা সৈয়দ মহসিন আলী এবং হবিগঞ্জ-১ আসনে জাপা নেতা আব্দুল মুনিম চৌধুরী বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে সিলেট বিভাগে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, মৌলভীবাজারে ৬ জন এবং সুনামগঞ্জে ২ জন ও হবিগঞ্জে ১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

সিলেট: সিলেট জেলার ৬টি আসনের মধ্যে আগামী ৫ জানুয়ারি ২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৪টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগের ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যে দুইটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- সিলেট-২ ও ৪। সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা বিশ্বনাথ উপজেলা পরিষদের সদ্যপদত্যাগী চেয়ারম্যান মুহিবুর রহমান (স্বতন্ত্র)। আর সিলেট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদের বিরুদ্ধে ভোটযুদ্ধে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ (স্বতন্ত্র)। দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেয়া মুহিবুর রহমান ও ফারুক আহমদ উভয়ই প্রতীক পেয়েছেন আনারস।

সিলেট জেলায় মনোনয়ন প্রত্যাহার করেছেন ৮ জন। তারা হলেন-সিলেট-১ আসনে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী ইফতেখার হোসেন লিমন, সিলেট-২ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী প্রবাসী ব্যারিস্টার হক ইমাদুল হামিদ ও জাপা প্রার্থী উসমান আলী, সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাসুক উদ্দিন আহমদ ও জাপা প্রার্থী সাব্বির আহমদ এবং সিলেট-৬ আসনে জাপা নেতা সেলিম উদ্দিন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর) আসন থেকে নির্বাচনে মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি সৈয়দ রফিকুল হক (স্বতন্ত্র)। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য এমএ মান্নান এবং এ আসনে স্বতন্ত্রপ্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন ।

মৌলভীবাজার: মৌলভীবাজারের ৪টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্র মিলিয়ে যাচাই বাচাই শেষে মোট ১২জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়। ৩টি আসনে একাধিক প্রার্থী থাকলেও মৌলভীবাজার-৪ আসনে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মৌলভীবাজার-৩ আসনে মনোয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে জাতীয় পার্টির সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন ও জাসদ থেকে আব্দুল মসব্বির প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় এ আসনের একক প্রার্থী আওয়ামী লীগ থেকে সৈয়দ মহসীন আলী রয়েছেন। মৌলভীবাজার-১ আসনে ৩ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে প্রার্থীতা প্রত্যাহার করেন অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম। এ আসনে আওয়ামী লীগের মো. শাহাব উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। মৌলভীবাজার-২ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মুহিবুল কাদির চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রীনা বেগম চৌধুরী তাদের প্রার্থীতা প্রত্যাহর করে নেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সৈয়দ বজলুল করিম এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

হবিগঞ্জ: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেওয়ান মিলাদ গাজী গতরাতে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনে জাপার প্রার্থী আব্দুল মুনিম চৌধুরী বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান (আওয়ামী লীগ), শংকর পাল (জাপা) ও আফছার আহমদ রূপক (স্বতন্ত্র), হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) অ্যাডভোকেট মোঃ আবু জাহির (আওয়ামী লীগ), মোহাম্মদ আতিকুর রহমান আতিক (জাপা), হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) অ্যাডভোকেট মাহবুব আলী (আওয়ামী লীগ), আহাদ উদ্দিন চৌধুরী শাহীন (জাপা) ও সৈয়দ তানভীর আহমেদ (স্বতন্ত্র)।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026