শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের পশ্চিমাঞ্চলে শিয়া তীর্থযাত্রীবাহী একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। মঙ্গলবার ইরান থেকে বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর কোয়েটায় ফেরার সময় বাসটিতে বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
পাকিস্তানের ১৮ কোটি জনসংখ্যার মধ্যে শিয়া জনগোষ্ঠির মানুষ প্রায় ৩ কোটি ৬০ লাখ। দেশ থেকে এদের তাড়াতে চায় লস্কর ই ঝাঙ্গভির মতো সুন্নি জঙ্গি গোষ্ঠিগুলো। সুন্নি শাসিত পাকিস্তান প্রতিষ্ঠার জন্য লড়াইরত ঝাঙ্গভি জানিয়েছে, শিয়াদের হয় পাকিস্তান ছাড়তে হবে নয়তো মরতে হবে।
২০১৩ সালে পাকিস্তানে ৪শ’রও বেশি শিয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। নিহতদের মধ্যে অনেক অধ্যাপক, চিকিৎসক এবং স্কুলগামী শিশুও রয়েছে, যাদের স্কুলে যাওয়ার পথেই গুলি করে হত্যা করা হয়েছে। শিয়াদের প্রতি সহিংসতার ঘটনা বেলুচিস্তানেই সবচেয়ে বেশি। পাকিস্তানে সাম্প্রদায়িক অনেক গোষ্ঠিকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও এসব গোষ্ঠির নেতারা প্রকাশ্যে জনসভায় ভাষণ দেওয়াসহ বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকারও দিয়ে থাকেন।
ঘটনাস্থল কোয়েটা থেকে ৫৫ কিমি দক্ষিণপশ্চিমের মাসতুঙ্গ জেলায়। আহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন মাসতুঙ্গ জেলার সহকারী পুলিশি কমিশনার শাফকাত আনওয়ার।