মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৭

বাংলাদেশে জবাবদিহিমূলক গণতন্ত্র দেখতে চায় ব্রিটেন

বাংলাদেশে জবাবদিহিমূলক গণতন্ত্র দেখতে চায় ব্রিটেন

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেন বাংলাদেশে জবাবদিহিমূলক গণতন্ত্র দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। এজন্য স্বাধীন মিডিয়া, পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল এবং প্রাতিষ্ঠানিক স্বাধীনতা খুবই জরুরি। সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় শেষে নগরভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সকল দলের অংশগ্রহণে বাংলাদেশের স্থানীয় সরকার (উপজেলা) নির্বাচন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় বৃটিশ হাই কমিশনের পলিটিক্যাল এনালিস্ট এজাজুর রহমান উপস্থিত ছিলেন। সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সচিব মমতাজ বেগম, ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুধাময় মজুমদার।

ব্রিটিশ আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকানের সাম্প্রতিক ঢাকা সফরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ব্রিটেন-বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে কিভাবে আরো গভীর ও কার্যকর হবে সে লক্ষ্যে আমরা কাজ করছি। ব্রিটিশ কারী ইন্ডাস্ট্রির সংকট প্রসঙ্গে তিনি বলেন, আমরা এ বিষয়ে অবহিত। ব্রিটিশ সরকার কারী ইন্ডাস্ট্রির সংকট কাটিয়ে উঠার চেষ্টা করছে। কারী ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্টদের কিভাবে সহযোগিতা করা যায় আমরা সে প্রচেষ্টা চালাচ্ছি।

ব্রিটিশ স্টুডেন্ট ভিসা প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটেন সব সময় মেধাবী ছাত্রদের স্বাগত জানায়। ব্রিটেনে শিক্ষার মান খুবই চমৎকার উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিককালে কিছু লোক স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে গিয়ে পড়ালেখা বাদ দিয়ে কাজের সঙ্গে (লো স্কিল জব) যুক্ত হচ্ছে। তারা স্টুডেন্ট ভিসার অপব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকাল ১১টায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন।

এসময় রবার্ট গিবসন বলেছেন, ব্রিটেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়নের অংশীদার। দিনে দিনে এ সম্পর্ক আরো গভীর হচ্ছে। সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের আন্তঃসম্পর্ক কিভাবে আরো গভীর করা যায় তারা সে প্রচেষ্টা চালাচ্ছেন। ব্রিটেনের সঙ্গে সিলেটের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানকার বিপুল সংখ্যক মানুষ যুক্তরাজ্যে বসবাস করেন। এজন্য ব্রিটিশ হাইকমিশনের কাছে সিলেটের গুরুত্ব অত্যাধিক। সিলেটে প্রবাসীদের সমস্যাবলী নিয়ে আলোচনা করতেই তিনি সিলেট সফর করছেন বলে জানান।

মতবিনিময়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের বিষয়ে সিটি করপোরেশন খুবই আন্তরিক। প্রবাসীদের সমস্যাবলী নিরসনে সিটি করপোরেশনের পক্ষ থেকে শিগগিরই একটি ওয়েব সাইট খোলা হবে। প্রবাসীরা তাদের জমিজমা দখল সংক্রান্ত অভিযোগ ওয়েবসাইটে জানাতে পারবেন। এছাড়াও  প্রবাসীরা যাতে এখানে নির্বিঘ্নে বিনিয়োগ করতে পারেন-সে ব্যাপারে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি সিলেট সিটিতে লন্ডন সিটির মতো সিকিউরিটি ক্যামেরা সংযোজন করাসহ ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের জন্য যুক্তরাজ্য সরকারের সহায়তা কামনা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026