শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ক্ষমতাসীন পেউ থাই পার্টিসহ রাজনৈতিক দলগুলো চলমান সংকট নিরসনে ব্যর্থ হওয়ায় থাইল্যান্ডে মার্শাল ল’ (সামরিক আইন) জারি করেছে দেশটির সেনাবাহিনী। ‘আইনের শাসন অব্যাহত’ রাখতে এ আইন জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। থাই সেনা সদর দফতরের সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার ভোরে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি, বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
মার্শাল ল’ জারির পাশাপাশি যে কোনো সিদ্ধান্তগ্রহণ ও ক্ষমতা ব্যবহারে নিজেদের সর্বোচ্চ কর্তৃত্ব অনুমোদন করেছে সেনাবাহিনী। গত ১৫ মে রাজধানী ব্যাংককে অন্তর্বর্তী সরকারবিরোধীদের ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনার পর হুঁশিয়ারি উচ্চারণ করে এ ধরনেরই ইঙ্গিত দেন সেনাপ্রধান প্রায়ুথ চ্যান-ওচা।
তিনি বলেন, সহিংসতা অব্যাহত থাকলে ‘ফোর্স’ ব্যবহার করবে সশস্ত্র বাহিনী। চ্যান-ওচা বলেন, যদি সহিংসতা অব্যাহত থাকে তবে শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনীর বাইরে আসা প্রয়োজন…। তবে সেনা অভ্যুত্থান রাজনৈতিক পরিস্থিতি সমাধান করবে না বলে সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটি দাবি করা হলেও মঙ্গলবার সে দাবির সত্যতা রইলো না। অন্তর্বর্তী সরকারে ক্ষমতাসীন পেউ থাই পার্টির বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে মূলত সাদা হাতির দেশটিতে অশান্তির বাতাস বইছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে একটি জনপরিষদ দেশ পরিচালনায় নিয়োগ করতে সংসদকে চাপ দিচ্ছে বিক্ষোভকারীরা।
সম্প্রতি ক্ষমতার অপব্যবহারের দায়ে আদালতের নির্দেশে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ইংলাক তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে দুর্নীতির দায় থেকে বাঁচাতে এবং তার পরামর্শে রাষ্ট্র চালাচ্ছেন অভিযোগ করে গত অক্টোবর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু করে সাবেক উপ-প্রধানমন্ত্রী সুথেপ থাউগসুবানের নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবির মুখে পার্লামেন্ট ভেঙে দিয়ে ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন ইংলাক। কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে প্রধান বিরোধী দল অভিজিৎ ভেজাজিভার নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টিও নির্বাচন বর্জন করে। নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণে গত ১৪ মে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ নিয়ে বৈঠকে বসার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা স্থগিত করা হয়। স্পষ্টতই তাই থাইল্যান্ডের রাজনৈতিক সঙ্কট গভীর থেকে গভীরতর হচ্ছে।