শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়ার ফ্লাইট এমএইচ-১৭ উড়োজাহাজটি বাক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীরা ভূপাতিত করেছে বলে বিভিন্ন তথ্যপ্রমাণে জোরালো হয়ে উঠছে। ছবি: রয়টার্স১৭ জুলাই। সময়টা মধ্যাহ্নভোজের। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য চারটি এসএ-১১ ক্ষেপণাস্ত্রবাহী একটি যান ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সিনজেন শহরে প্রবেশ করে। কারাপিটেন সড়কে যানটি পার্ক করার কিছুক্ষণ পর অজ্ঞাত গন্তব্যে চলে যায়। তিন ঘণ্টার ব্যবধানে ওই অঞ্চলে মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানটি ভূপাতিত হয়।
শনিবার বার্তা সংস্থা এপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীরা নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী ফ্লাইট এমএইচ-১৭ উড়োজাহাজটি বাক ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করেছে বলে বিভিন্ন তথ্যপ্রমাণে জোরালো হয়ে উঠছে। ২৯৮ জন আরোহী নিয়ে বিমানটি ভূপাতিত হওয়ার কয়েক ঘণ্টা আগে স্থানীয় লোকজন ও এপির সংবাদকর্মীরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সিনজেন শহরে ক্ষেপণাস্ত্রবাহী একটি যান দেখেছেন।
প্রত্যক্ষদর্শী তাতায়েন গারমাস নামের একজন বলেন, ঘটনার দিন শহরটি ছিল বেশ কোলাহলপূর্ণ। শহরে ব্যাপক সামরিক মহড়া চলছিল। অবসরপ্রাপ্ত খনিশ্রমিক ভ্যালেরি সাকহারভ বললেন, দিনের মধ্যভাগে বাক ক্ষেপণাস্ত্রবাহী যানটি কারাপিটেন সড়কে এসে থামে। পরে সেটি অজানা গন্তব্যে চলে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এপির সংবাদকর্মীরাও শহরটিতে বাক ক্ষেপণাস্ত্রবাহী যানের উপস্থিতির কথা জানিয়েছেন।
ক্ষেপণাস্ত্রবাহী যানটি কারাপিটেন সড়ক থেকে চলে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর সিনজেন শহরের ছয় মাইল পশ্চিমের অধিবাসীরা প্রচণ্ড শব্দ শোনে। তারা আকাশ থেকে বিমানের ধ্বংসাবশেষ ও মানুষের মেহ পড়তে দেখেন। বিমান ভূপাতিত করার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে বিদ্রোহীরা। এক বিদ্রোহী নেতার দাবি, এত উচ্চতায় বিমান ভূপাতিত করার মতো অস্ত্র তাদের কাছে নেই।
তবে স্থানীয় লোকজন, সাংবাদিক ও এক বিদ্রোহীর বিবৃতিতে ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দাবি চ্যালেঞ্জের মুখে পড়েছে। নাম প্রকাশ না করে দায়িত্বশীল এক বিদ্রোহী বার্তা সংস্থা এপির কাছে দাবি করেছে, ইউক্রেনের সামরিক বিমান মনে করে বিদ্রোহীরাই তা ভূপাতিত করেছে। ইউক্রেন সরকারের তথ্যপ্রমাণেও দাবি করা হয়েছে, বিদ্রোহীরাই এ ঘটনা ঘটিয়েছে।