সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০

ভারতেই থাকছেন বির্তকিত লেখিকা তসলিমা

ভারতেই থাকছেন বির্তকিত লেখিকা তসলিমা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে বসবাসের জন্য ফের রেসিডেন্ট পারমিট (আবাসিক অবস্থানের অনুমতি) পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। নিজেকে এখন আর গৃহহীন অনুভব করছেন না বাংলাদেশের নির্বাসিত এই লেখিকা। এক টুইট বার্তায় এমনটিই জানালেন তসলিমা।

সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তসলিমা নাসরীন লেখেন, বিষয়টি আমার জন্য একটি বড় পাওয়া। এখন আমি আর নিজেকে গৃহহীন অনুভব করছিনা। আপনাদের ভালোবাসাই আমার ঘর, আমার দেশ। শনিবার দুপুরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করার পর তসলিমা নাসরীনকে ভারতে থাকার অনুমতি দেওয়া হয়। এরপর রাতে এক টুইট বার্তায় নিজের অনুভূতি এভাবে প্রকাশ করেন তসলিমা নাসরীন।

শনিবার রাতে এনডিটিভিকে তিনি বলেন, আমি খুবই খুশি। আমাকে এ দেশে বসবাসের অনুমতি দেয়ায় সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। এর আগে দুপুরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে দেশটিতে বেশি দিন বসবাসের অনুমতি চান তিনি।

এর আগে তসলিমা নাসরীন ভারতে থাকার অনুমতি চাইলে তার দুই মাসের ভিসার মেয়াদ বাড়ানো হয়। যা আগামী ১৬ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। শনিবার দুপুরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার এক পর্যায়ে তসলিমা নাসরীন হিন্দিতে লেখা তার বই ‘উও আন্ধেরে দিন’ (আঁধার ঘেরা দুঃখের দিন) উপহার দেন। এ সময় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ তসলিমাকে আশ্বস্ত করে বলেন, আপনার আঁধারে ঘেরা দিন শেষ হয়ে যাবে। এরপরই তসলিমা নাসরীনের ভারতে থাকার অনুমতি মিললো।

taslima-nasreen-ndtv-360-ed.jpg

চিকিৎসক তসলিমা গত শতকের ’৯০ এর দশকে লেখালেখি শুরুর পর আলোচনায় উঠে আসেন। বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে উপন্যাস ‘লজ্জা’ প্রকাশের পর মৌলবাদীদের হুমকি ও ব্যাপক হৈ চৈয়ের মধ্যে ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হন তিনি। এরপর বিভিন্ন দেশে আশ্রয় নেন এই লেখিকা। বর্তমানে সুইডেনের নাগরিকত্ব থাকলেও গত দুই দশকে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশে কাটিয়েছেন তসলিমা। অবশ্য বিভিন্ন সময়ে ভারতে বিশেষ করে কলকাতায় স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

২০০৪ সালে ভারত রেসিডেন্ট পারমিট ভিসা দেয় তসলিমাকে। প্রথমে ছয় মাসের এবং পরবর্তী সময় এক বছর করে এ পারমিট দেয়া হতো। সম্প্রতি এই সুবিধা বাতিল করে তার ভিসার মেয়াদ দুই মাস নির্দিষ্ট করে দেয় সরকার। ভারত সরকারের ওই সিদ্ধান্তে হতাশা জানিয়ে তসলিমা বলেন, এমনটা হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তসলিমাকে স্থায়ী বসবাসের অনুমতি দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকান্ডে কাতজু।

ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারপারসনের দায়িত্বে থাকা এই বিচারপতি বলেন, বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে ভারতে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া উচিত। তিনি বলেন, তসলিমার বিতর্কিত বই লজ্জা তিনি পড়েছেন। তবে তাতে ইসলামবিরোধী কোনো বক্তব্য পাননি। আমার মতে ভারতে বসবাসের জন্য তাকে স্থায়ী ভিসা দেয়া উচিত। লজ্জা লেখার পর কিছু গোঁড়ামির জন্য তাকে হয়রানি করা হচ্ছে।

এতে শুধু বাবরি মসজিদ ভাঙার পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয়টি উঠে এসেছে। এই বইতে ইসলামবিরোধী কিছু নেই। এরপর শনিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের সঙ্গে দেখা করেন তসলিমা।

মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক টুইটে তিনি বলেন, আজ বিকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করলাম। তাকে আমার ‘ও আঁধেঁরি দিন’ বইটা দিলাম। উনি বললেন, আপকা আধেঁরি দিন খতম হো জায়েগা।”




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026