আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আফ্রিকার দেশ লাইবেরিয়া থেকে ইবোলায় আক্রান্ত ১১২ জন ভারতীয় রোগীর দেশে ফেরা নিয়ে দিল্লি ও মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার থেকে সতর্কতা জারি করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইবোলা আক্রান্ত দেশগুলো থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে আসা বিমানগুলো দিল্লি বা মুম্বাই বিমানবন্দরে পৌঁছালে ওই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। ইবোলা আক্রান্ত রোগীদের বহনকারী বিমানগুলোকে বিমানবন্দরের নির্দিষ্ট জায়গায় দাঁড় না করিয়ে দূরবর্তী স্থানে রাখা হবে।
তারপর সেখানে গিয়ে পরীক্ষা করা হবে যাত্রীদের। এই পরীক্ষায় ইবোলা উপসর্গহীন যাত্রীদের টার্মিনালে নিয়ে যাওয়া হবে। যাঁদের মধ্যে ইবোলার বিন্দুমাত্র উপসর্গ পাওয়া যাবে, তাঁদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে।