নিউজ ডেস্ক: বিদেশে বাড়ি ক্রেতাদের আয়করের তথ্য নজরদারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদানের কাজ শুরু করেছে এনবিআর। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন।
বেসরকারি ইস্টার্ন ব্যাংকের আয়কর পকেট গাইড প্রকাশনার ওই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বিদেশে বাড়ি কেনা দোষের কিছু না। কারও টাকা থাকলে তিনি অবশ্যই বাড়ি কিনতে পারেন। তবে দেশ থেকে টাকা নিয়ে সেখানে বাড়ি কিনলে তাঁর আয়কর সরকারকে দিতে হবে।
বিষয়টি ব্যাখ্যা করে গোলাম হোসেন বলেন, যে দেশে একজন বাংলাদেশি বাড়ি কিনেছেন, তার তথ্য সংশ্লিষ্ট দেশ থেকে সংগ্রহ করতে পারলেই আমরা এ দেশে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারব, আপনি যে বাড়ি কিনেছেন—এ টাকা কোথায় পেয়েছেন? আর তাঁর আয়কর দিয়েছেন কি না? যদি আয়কর দিয়ে না থাকেন, তাহলে জরিমানাসহ আমরা কর আদায়ে ব্যবস্থা নেব।
বিশ্বের কোন কোন দেশে সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ি প্রকল্পের আওতায় বাংলাদেশি নাগরিকেরা বাড়ি কিনছেন, তার তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে বলে জানান এনবিআর প্রধান। আয়কর প্রদানে গ্রাহকদের নানা হয়রানির বিষয়ে গোলাম হোসেন বলেন, আমাদের আয়-ব্যয়ের কাগজপত্র সংরক্ষণ করার সংস্কৃতি তৈরি করতে হবে। করদাতাদের হয়রানি কমাতে আইন সংশোধনসহ কর ব্যবস্থাকে ডিজিটাল করার কাজও আমরা শুরু করেছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।