শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৯

তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার সায়েমের পদত্যাগ

তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার সায়েমের পদত্যাগ

তারেকের উপদেষ্টা সায়েমের পদত্যাগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউকে বোর্ডার এজেন্সির হাতে আটক হওয়ার পর মুক্তি পেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, তারেক রহমানের আরেক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদসহ অনেকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মক্কেলকে জালিয়াতিতে সহায়তার অভিযোগে অভিযুক্ত ব্যারিস্টার সায়েম লিখিত বক্তব্য পেশ করেন।

লিখিত বক্তব্যে তিনি স্বীকার করেন, আরো দু’টি প্রতিষ্ঠানের মোট চারজনের সঙ্গে তাকেও ইউকে বোর্ডার এজেন্সি জিজ্ঞাসাবাদের জন্যে তাদের হেফাজতে নিয়েছিলো। তিনি জানান, বিষয়টি একান্তই তার পেশাগত, এর সঙ্গে তার দল বিএনপি বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। ইউকেবি এর হেফাজতে নেওয়ার এই বিষয়টিকে অতিরঞ্জিতভাবে প্রচার করে কিছু কিছু মিডিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় নেমেছে বলেও লিখিত বক্তব্যে অভিযোগ করেন ব্যারিস্টার সায়েম।

তিনি বলেন, কয়েকটি সংবাদ মাধ্যম এ ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করছে। তাছাড়া কিছু সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনার সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়িয়ে সংবাদ পরিবেশন করছে। এ অবস্থায় প্রকৃত সত্য উদঘাটিত না হওয়া পর্যন্ত তিনি দলীয় পদে থাকা সমীচীন মনে করছেন না বলেও মন্তব্য করে তারেক রহমানের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সায়েম। একই সঙ্গে উপযুক্ত সময় না আসা পর্যন্ত যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বপালন থেকেও নিজেকে বিরত রাখার ঘোষণা দেন তিনি।

ভূয়া ডকুমেন্ট তৈরি করে মক্কেলকে জালিয়াতিতে সহায়তা করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবনিযুক্ত মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমকে মঙ্গলবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ আটক করেছে- এমন খবর লন্ডন ও বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে দেশে-বিদেশে এ নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মঙ্গলবার পূর্ব লন্ডনের নিজ অফিস উজামা ল সেন্টার থেকে আটক হন ব্যারিস্টার সায়েম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026